০২ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৩৩, ২ অক্টোবর ২০২৬

ট্রেনের সংখ্যা বৃদ্ধি ও অতিরিক্ত বাসভাড়া প্রত্যাহারের দাবি

ট্রেনের সংখ্যা বৃদ্ধি ও অতিরিক্ত বাসভাড়া প্রত্যাহারের দাবি

ট্রেনের সংখ্যা বৃদ্ধি, অতিরিক্ত বাসভাড়া প্রত্যাহার, শ্রমিকদের জাতীয় ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা ঘোষণা এবং বিকল্প ব্যবস্থা ছাড়া হকার-রিকশা-বস্তি উচ্ছেদ বন্ধসহ ছয় দফা দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ করেছে বাসদ (মার্কসবাদী)।

শুক্রবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে বাসদ (মার্কসবাদী), নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা শাখার সদস্য সাদেকুল ইসলাম সাদিকের সভাপতিত্বে ও জয় হাসানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন দলের সদস্য নাদিরা ইসলাম রিয়া, সাদিয়া সুলতানা জুথি ও মো. আবির হাসান।

সমাবেশে বক্তারা মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল, শ্রমিকদের জাতীয় ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা ঘোষণা, বিকল্প ব্যবস্থা ছাড়া হকার-রিকশা-বস্তি উচ্ছেদ বন্ধ, নারায়ণগঞ্জের যানজট নিরসন, ট্রেনের সংখ্যা বৃদ্ধি এবং অতিরিক্ত বাসভাড়া প্রত্যাহারের দাবি জানান।

বক্তারা বলেন, দেশের মানুষকে নানা সংকটের মধ্যে রেখে সরকার একদিকে বোয়িং ও এয়ারবাস কেনার উদ্যোগ নিচ্ছে, অন্যদিকে জ্বালানি তেলের দাম ও পরিবহন ব্যয়ের চাপ থেকে জনগণকে স্বস্তি দিতে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো বেসরকারি মালিকানায় ছেড়ে দেওয়ার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে চুক্তি করা হচ্ছে, যা জনগণের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।

সভাপতির বক্তব্যে সাদেকুল ইসলাম সাদিক বলেন, ‘স্বাধীনতার ৫৬ বছরের ইতিহাসে বারবার এ দেশের মানুষ পরাজিত হয়েছে। দল জিতেছে, কিন্তু জনগণ জিতেনি। তাহলে আজ জনগণকে সেই প্রশ্ন তুলতে হবে এত বড় গণঅভ্যুত্থানের পরও কেন জনগণের জীবনমানের পরিবর্তন হলো না? আমরা শ্রমিক-মেহনতি মানুষের অধিকারের কথা বলছি এবং শোষণহীন ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে আহ্বান জানাচ্ছি।’

সমাবেশ থেকে চট্টগ্রাম বন্দর ইজারা বাতিল, শ্রমিক-মেহনতি মানুষের অধিকার নিশ্চিত, জনগণের জীবনযাত্রার ব্যয় কমানো, গণপরিবহনে নৈরাজ্য ও অতিরিক্ত ভাড়া বন্ধ এবং নারায়ণগঞ্জের দীর্ঘদিনের যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

সমাবেশ শেষে বাসদ (মার্কসবাদী)-এর তৃতীয় কেন্দ্রীয় কনভেনশন সফল করতে সবাইকে অংশগ্রহণ ও সহযোগিতার আহ্বান জানান নেতারা।

সর্বশেষ

জনপ্রিয়