০২ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৫৮, ২ অক্টোবর ২০২৬

আপডেট: ১৮:৫৯, ২ অক্টোবর ২০২৬

বিএনপি নেতার প্রশংসায় ওসির রাজনৈতিক বক্তব্য ফেসবুকে, সমালোচনা

বিএনপি নেতার প্রশংসায় ওসির রাজনৈতিক বক্তব্য ফেসবুকে, সমালোচনা

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের দেওয়া এক বক্তব্য নিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া বক্তব্যের ভিডিওতে ওসিকে স্থানীয় এক বিএনপি নেতার রাজনৈতিক অবস্থানের প্রশংসা করতে শোনা যায়। এতে এ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিএনপির পক্ষপাতিত্বের অভিযোগও তুলেছেন অনেকে।

ফেসবুকে ছড়ানো ৩৩ সেকেন্ডের ওই ভিডিওতে ওসি মাহবুব আলমকে বলতে শোনা যায়, “মঞ্চে উপস্থিত আছেন স্বৈরাচারী সন্ত্রাসী এমপির বিরুদ্ধে কথা বলার ক্ষমতা যখন কারো ছিল না, তখন রাজপথে থেকে নেতৃত্ব দিয়ে যে এই ফতুল্লার মাটি ও মানুষের পাশে দাঁড়িয়েছেন, সেই সংগ্রামী নেতা। এবং অচিরেই ঘোষণা আসবে, ফতুল্লা থানা কমিউনিটি পুলিশিং-এর সম্মানিত সভাপতি জনাব শহীদুল ইসলাম টিটু।”

খোঁজ নিয়ে জানা যায়, গত বৃহস্পতিবার ফতুল্লার পাগলা বাজার এলাকার যানজট নিরসনের লক্ষে গঠিত কমিটির পরিচিতি সভার আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু। একই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফতুল্লা থানার ওসি মাহবুব আলম।

অনুষ্ঠানে উপস্থিত অন্যান্যদের মধ্যে প্রায় সকলেই স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের রাজনীতিতে সক্রিয় নেতা। এ অনুষ্ঠানে একজন রাজনৈতিক নেতাকে সম্বোধন করতে গিয়ে দেওয়া ওসির বক্তব্য রাজনৈতিক পক্ষপাতদুষ্ট বলে মন্তব্য করছেন অনেকে।

সমালোচকরা বলছেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একজন প্রজাতন্ত্রের কর্মচারী। তার ভূমিকা নিরপেক্ষ হওয়াটাই তার চাকরিবিধি অনুযায়ী সঠিক। কিন্তু একজন রাজনৈতিক নেতাকে ‘সংগ্রামী’ নেতা বলে সম্বোধন তার পক্ষপাতের বিষয়টিকেই সামনে আনে। এতে সমাজে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সাধারণ মানুষ ও ভিন্ন রাজনৈতিক মতাদর্শের লোকজনের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়। অনেকে ওসির এমন বক্তব্যকে বিগত আওয়ামী লীগের সময়ে প্রশাসনের লোকজনের দলীয় নেতা বা কর্মী হিসেবে আচরণের মতো করেও দেখছেন।

যদিও এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের সরকারি মুঠোফোনের নম্বরে কল দিলে অপর একজন তা রিসিভ করে বলেন, “ওসি স্যার তো ছুটিতে আছেন। তাকে সোমবারে পাওয়া যাবে।”

সর্বশেষ

জনপ্রিয়