শারীরিক প্রতিবন্ধী আল আমিনের পাশে সদর উপজেলা প্রশাসন
শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও অটোরিকশা চালিয়ে সংসার চালানো আল আমিনের পাশে দাঁড়িয়েছে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন। অটোরিকশার নষ্ট ব্যাটারি পরিবর্তনের জন্য তাকে আর্থিক সহায়তা দিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সদর উপজেলা পরিষদ কার্যালয়ে আল আমিনের হাতে এ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
জানা গেছে, শারীরিক প্রতিবন্ধী আল আমিন অটোরিকশা চালিয়ে পরিবারের জীবিকা নির্বাহ করেন। কয়েকদিন আগে তার অটোরিকশার ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ায় গাড়ি চালানো বন্ধ হয়ে যায়। অটোরিকশাটি পরিবারের একমাত্র উপার্জনের মাধ্যম হওয়ায় আয় বন্ধ হয়ে পরিবার নিয়ে আর্থিক সংকটে পড়েন তিনি।
বিষয়টি জানতে পেরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন তাকে নতুন ব্যাটারি কেনার জন্য আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেন।
সহায়তা প্রদানকালে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বলেন, ‘সরকার সবসময় অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে আছে। আল আমিন শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে পরিশ্রমের মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন, যা প্রশংসনীয়। তার এই পরিশ্রমকে সম্মান জানিয়ে এবং পরিবারটি যাতে কষ্টে না পড়ে, সেজন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই ক্ষুদ্র সহযোগিতা। আমরা চাই, কেউ যেন জীবিকার অভাবে পিছিয়ে না পড়ে।’
সহায়তা পেয়ে আল আমিন বলেন, ‘কয়েকদিন ধরে গাড়ি চালাতে না পেরে খুব কষ্টে ছিলাম। পরিবার নিয়ে না খেয়ে থাকার মতো অবস্থা হয়েছিল। ইউএনও স্যার আমার পাশে দাঁড়িয়েছেন, আল্লাহ তার ভালো করুক। এই টাকা দিয়ে ব্যাটারি কিনে আবার গাড়ি চালাতে পারব।’





































