০১ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:১৬, ১ অক্টোবর ২০২৬

আপডেট: ২২:১৭, ১ অক্টোবর ২০২৬

মাশরুম চাষ: সদরে দুই ব্যাচে ৯০ প্রশিক্ষণার্থী, ১০ জন পেলেন চাষের উপকরণ

মাশরুম চাষ: সদরে দুই ব্যাচে ৯০ প্রশিক্ষণার্থী, ১০ জন পেলেন চাষের উপকরণ

অল্প জায়গা ও স্বল্প পুঁজিতে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলায় মাশরুম চাষবিষয়ক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। দুই ব্যাচে এ প্রশিক্ষণে অংশ নেন ৯০ জন। প্রশিক্ষণ শেষে তাদের মধ্যে সনদ বিতরণ করা হয়। পাশাপাশি প্রতি ব্যাচের সেরা পাঁচজন করে মোট ১০ জন প্রশিক্ষণার্থীকে মাশরুম চাষের প্রয়োজনীয় উপকরণ দেওয়া হয়েছে।

ক্লাইমেট রিজিলিয়েন্ট ক্যাম্পাস ইনিশিয়েটিভের আওতায় নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন এ প্রশিক্ষণের আয়োজন করে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাশরুম চাষের আধুনিক ও ব্যবহারিক পদ্ধতি, পরিচর্যা, রোগবালাই নিয়ন্ত্রণ, উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। অল্প জায়গা ও তুলনামূলক কম খরচে মাশরুম উৎপাদন করা সম্ভব হওয়ায় এটিকে বেকার ও কর্মপ্রত্যাশীদের জন্য সম্ভাবনাময় আত্মকর্মসংস্থানের ক্ষেত্র হিসেবে তুলে ধরা হয়।

ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বলেন, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়নের পাশাপাশি প্রশিক্ষণার্থীদের বাস্তবমুখী ও আয়মুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। প্রশিক্ষণপ্রাপ্তরা অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে নিজেদের স্বাবলম্বী করার পাশাপাশি ভবিষ্যতে অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন।

জেলা প্রশাসক মো. রায়হান কবির প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে মাশরুম চাষকে আয়মুখী উদ্যোগে পরিণত করার ওপর গুরুত্ব দেন।

সংশ্লিষ্টরা বলছেন, স্বল্প পুঁজি ও জায়গায় মাশরুম চাষের মতো জলবায়ু সহনশীল উদ্যোগ সম্প্রসারণ করা গেলে নতুন উদ্যোক্তা তৈরি, বেকারত্ব কমানো এবং স্থানীয় অর্থনীতিকে গতিশীল করার সুযোগ তৈরি হবে।

সর্বশেষ

জনপ্রিয়