স্থানীয় নির্বাচনে মাস্তান-চাঁদাবাজদের জনপ্রতিনিধি বানাবেন না: আবদুল জব্বার
আগামী স্থানীয় সরকার নির্বাচনে কোনো মাস্তান, সন্ত্রাসী বা চাঁদাবাজকে জনপ্রতিনিধি নির্বাচিত না করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ সদর থানার সৈয়দপুর গোলচত্বর মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মাওলানা আবদুল জব্বার বলেন, ‘আগামী দিনে স্থানীয় নির্বাচনে কোনো মাস্তান, সন্ত্রাসী বা চাঁদাবাজকে প্রতিনিধি বানাব না। এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং জনগণের অধিকার নিশ্চিত করতে সৎ, যোগ্য ও খোদাভীরু মানুষদের নির্বাচিত করতে হবে।’
তিনি বলেন, ‘সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত সমাজ গড়তে জামায়াত ওয়াদাবদ্ধ।’
অতীতের শাসনব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, ‘বিগত দিনে জনপ্রতিনিধির নামে জনগণের ভোট ডাকাতি করে তাদের ওপর শোষণ ও অন্যায়ের রাজত্ব কায়েম করা হয়েছিল। জনগণের সেবা করার পরিবর্তে তাদের ওপর জুলুম ও অত্যাচার চালানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘নতুন নেতৃত্বে যেসব প্রার্থীকে সামনে আনা হচ্ছে, তারা কোনো শোষক নন; বরং জনগণের প্রকৃত সেবক হিসেবে কাজ করবেন।’
জামায়াতের এই নেতা বলেন, ‘চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আমরা বৈষম্যহীন ও ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছি, সেখানে কোনো দুর্নীতিবাজ বা মুনাফিকের স্থান হবে না। নতুন বাংলাদেশ গড়ার অগ্রযাত্রায় যারা বাধা সৃষ্টি করবে কিংবা জনগণের সঙ্গে বেইমানি করবে, তাদের বিরুদ্ধে নতুন করে সংগ্রাম গড়ে তোলা হবে।’
জনসভায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মাওলানা আবদুল জব্বার।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগরীর নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম, মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দীন, কর্মপরিষদ সদস্য মাওলানা সাইফুদ্দীন মনির এবং নারায়ণগঞ্জ দক্ষিণ থানার আমীর খলিলুর রহমান টিটু।
নারায়ণগঞ্জ দক্ষিণ থানার সেক্রেটারি ও গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আলী আহাম্মদের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সদর পশ্চিম থানার আমীর অ্যাডভোকেট আক্তার হোসাইন, বন্দর দক্ষিণ থানার আমীর ফজলুল হাই জাফরী, নারায়ণগঞ্জ দক্ষিণ থানার সহকারী সেক্রেটারি মাওলানা আখতার হোসাইন ও অ্যাডভোকেট মনির হোসাইন মোল্লা।





































