সংবাদ প্রকাশের জেরে রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে মো. মাছুম মিঞা নামে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় ধারালো অস্ত্রের আঘাতে তার বাম চোখের ওপরের অংশে গুরুতর জখম হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। তাকে রক্ষা করতে এগিয়ে এসে তার বড় ভাই মাসুদ মিঞাও হামলার শিকার হয়েছেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে উপজেলার মঠের ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত মাছুম মিঞা দৈনিক যুগযুগান্তর ও অনলাইন সংবাদমাধ্যম ‘এমএইচ নিউজ-২৪’-এর রূপগঞ্জ প্রতিনিধি হিসেবে কর্মরত।
এ ঘটনায় মাছুম মিঞা রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে জাঙ্গীর এলাকার শাহিদুল ইসলাম সাহেদ (৩০), মো. জাহিদুল (৪০), মো. আবু সাঈদ (৩৫) এবং অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছে।
লিখিত অভিযোগে মাছুম মিঞা উল্লেখ করেন, গত ১৩ আগস্ট অভিযুক্তদের বিষয়ে অনলাইনে একটি সংবাদ প্রকাশের পর থেকেই তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে মঠের ঘাট এলাকায় অভিযুক্তরা দেশীয় অস্ত্র, ধারালো ছেনদা, চাপাতি ও লোহার রড নিয়ে তার গতিরোধ করেন।
একপর্যায়ে অভিযুক্তদের একজন চাপাতি দিয়ে মাছুম মিঞার বাম চোখের ওপরের অংশে আঘাত করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। এতে তিনি রক্তাক্ত জখম হন। এ সময় তাকে রক্ষা করতে বড় ভাই মাসুদ মিঞা এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। হামলার একপর্যায়ে মাসুদ মিঞার পকেট থেকে নগদ ২৫ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে।
পরে স্থানীয়দের সহায়তায় আহত দুই ভাই চিকিৎসা নেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
রূপগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, সাংবাদিকের দেওয়া লিখিত অভিযোগ তদন্ত করা হচ্ছে। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।





































