৩০ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৩৯, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মহিলা পরিষদের সাংগঠনিক মাসের সমাপ্তি

মহিলা পরিষদের সাংগঠনিক মাসের সমাপ্তি

‘বাংলাদেশ মহিলা পরিষদকে সংহত করি, নারী আন্দোলন অগ্রসর করি’ এই স্লোগানকে সামনে রেখে কর্মী সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ মহিলা পরিষদের নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক মাসের সমাপ্তি হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় মহিলা পরিষদের সংগঠন কার্যালয় প্রাঙ্গণে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের জেলা সভাপতি রীনা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় সংগীত ও নারী জাগরণের গান পরিবেশনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। মহিলা পরিষদের সদস্য শিল্পী দীপা রায় ও মল্লিকা বিশ্বাসসহ সংগঠনের সদস্যরা এতে অংশ নেন।

আলোচনায় অংশ নেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি ও নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা লক্ষ্মী চক্রবর্তী, জেলা সাধারণ সম্পাদক রহিমা খাতুন, সহসাধারণ সম্পাদক শোভা সাহা, সংগঠন সম্পাদক কানিজ ফাতেমা, আন্দোলন সম্পাদক সাহানারা বেগম, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক সালমা আক্তার ডলি, কমর আলী স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক পারভীন আক্তার এবং তরুণ সদস্য তিথি সুবর্ণা। সদস্য কাউছার আক্তার পান্না কবিতা আবৃত্তি করেন।

বক্তারা বলেন, সংগঠনের কার্যক্রম শক্তিশালী ও বিস্তৃত করার লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও ১ থেকে ৩০ সেপ্টেম্বর সারাদেশে সাংগঠনিক মাস পালন করা হয়েছে। এর অংশ হিসেবে নারায়ণগঞ্জেও বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

কর্মসূচির মধ্যে ছিল উদ্বোধনী সভা, সদস্য সংগ্রহ ও নবায়ন, সমসাময়িক ঘটনা নিয়ে তরুণ প্রজন্মের ভাবনা বিষয়ক মতবিনিময় সভা এবং শিবু মার্কেট, কোতালের বাগ, দেওভোগ ও জালকুড়িতে কর্মীসভা। এছাড়া দলিত কিশোরীদের নিয়ে সচেতনতা বৃদ্ধিমূলক সভা এবং বিভিন্ন কর্মসূচির সংবাদ প্রচার করা হয়।

বক্তারা বলেন, সাংগঠনিক মাসের কর্মসূচিতে জেলা ও তৃণমূল পর্যায়ের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। কর্মী ও সংগঠকদের আরও দায়িত্বশীল ও সচেতনভাবে কাজ করার আহ্বান জানানো হয়। এসব কর্মসূচিতে সুশীল সমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার তরুণ-তরুণীসহ নারী-পুরুষের সমর্থন ও সহযোগিতা পাওয়া গেছে বলেও জানান তারা।

অনুষ্ঠানে জেলা, শহর ও পাড়া কমিটির ৭৯ জন সদস্য উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়