০১ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:২৩, ১ অক্টোবর ২০২৬

আপডেট: ২১:২৪, ১ অক্টোবর ২০২৬

তোলারাম কলেজে বাস বাড়ানো ও ঝুঁকিপূর্ণ বাস মেরামতের দাবি শিক্ষার্থীদের

তোলারাম কলেজে বাস বাড়ানো ও ঝুঁকিপূর্ণ বাস মেরামতের দাবি শিক্ষার্থীদের

নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে দূর-দূরান্ত থেকে বিপুলসংখ্যক শিক্ষার্থী নিয়মিত যাতায়াত করেন। তবে শিক্ষার্থীর সংখ্যার তুলনায় কলেজের বাস কম থাকায় অনেককে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। এ অবস্থায় বাসের সংখ্যা বাড়ানো এবং ঝুঁকিপূর্ণ বাস দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে এ দাবিতে কলেজ কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন দেন শিক্ষার্থীরা।

আবেদনে শিক্ষার্থীরা জানান, কলেজের অনেক শিক্ষার্থী প্রতিদিন দূর-দূরান্ত থেকে বাসে যাতায়াত করেন। কিন্তু প্রয়োজনের তুলনায় বাসের সংখ্যা কম থাকায় বাসগুলোতে অতিরিক্ত ভিড় হয়। পর্যাপ্ত আসন না থাকায় অনেক শিক্ষার্থীকে দীর্ঘ সময় দাঁড়িয়ে যাতায়াত করতে হয়। এতে ভোগান্তির পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও তৈরি হচ্ছে।

লিখিত আবেদনে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে কলেজের পরিবহনব্যবস্থায় দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। বিশেষ করে ঝুঁকিপূর্ণ বাসটি দ্রুত মেরামত, বাসসংক্রান্ত অন্যান্য সমস্যার সমাধান এবং শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী বাসের সংখ্যা বাড়ানোর দাবি জানানো হয়েছে।

তোলারাম কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মনিরুল ইসলাম জিয়া বলেন, ‘কলেজের সাধারণ শিক্ষার্থীরা প্রতিনিয়ত এই ভোগান্তির শিকার হচ্ছেন। শিক্ষার্থীদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের কল্যাণে তোলারাম কলেজ শাখা ছাত্রদল শিক্ষার্থীদের সঙ্গে অধ্যক্ষের কাছে একটি আবেদন জমা দিয়েছে।’

কলেজের অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের যাতায়াতে যাতে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি না হয়, সে বিষয়টি বিবেচনায় নিয়ে পূজার ছুটির মধ্যেই বাসটির প্রয়োজনীয় মেরামতকাজ দ্রুত সম্পন্ন করা হবে।’

তবে শিক্ষার্থীদের দাবি, শুধু একটি বাস মেরামত করলেই সমস্যার পুরোপুরি সমাধান হবে না। বিপুলসংখ্যক শিক্ষার্থীর যাতায়াতের বিষয়টি বিবেচনায় নিয়ে কলেজের পরিবহনব্যবস্থার সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বাসগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করতে হবে।

সর্বশেষ

জনপ্রিয়