০২ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:১৮, ২ অক্টোবর ২০২৬

মহিলা মাদ্রাসায় দুর্ঘটনা: আতিয়া, জিদনির পর মারা গেল লামিয়া

মহিলা মাদ্রাসায় দুর্ঘটনা: আতিয়া, জিদনির পর মারা গেল লামিয়া
ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর হাজীপাড়া এলাকার মহিলা মাদ্রাসার ছাদে বৈদ্যুতিক ফ্ল্যাশ বার্নের ঘটনায় দগ্ধ হয়ে আতিয়া ও জিদনির পর লামিয়া (১৩) নামের আরও এক কিশোরীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় লামিয়ার মৃত্যু হয়।

এ নিয়ে ওই ঘটনায় দগ্ধ পাঁচ কিশোরীর মধ্যে তিনজনের মৃত্যু হলো। এর আগে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আতিয়া (১১) এবং বুধবার (৩০ সেপ্টেম্বর) জিদনি (১৪) মারা যায়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার বলেন, লামিয়ার শরীরের ৫৫ শতাংশ ইলেকট্রিক ফ্ল্যাশ বার্ন হয়েছিল। গুরুতর অবস্থায় তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, একই ঘটনায় দগ্ধ সুমাইয়া আক্তার ও আছিয়া আক্তারকে ইনস্টিটিউটের ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। সুমাইয়ার শরীরের ৭ শতাংশ এবং আছিয়ার ১৩ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল।

গত ২৬ সেপ্টেম্বর বিকেল সাড়ে চারটার দিকে ফতুল্লার কাশিপুর হাজীপাড়া এলাকার মাহেলা খাতুন মহিলা মাদ্রাসার ছাদে পাঁচ আবাসিক ছাত্রী দগ্ধ হয়। ঘটনার সময় ছাত্রীদের কাছে থাকা পাতাযুক্ত আখ উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এলে বৈদ্যুতিক ফ্ল্যাশের সৃষ্টি হয়। এতে পাঁচ ছাত্রী দগ্ধ হয়।

সর্বশেষ

জনপ্রিয়