০৮ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:০৮, ৭ সেপ্টেম্বর ২০২৬

সেঞ্চুরি অ্যাপারেলসের শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ

সেঞ্চুরি অ্যাপারেলসের শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ

বন্ধ সেঞ্চুরি অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকদের আইনানুগ পাওনা পরিশোধের দাবিতে নারায়ণগঞ্জ শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন শ্রমিকরা।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে সেঞ্চুরি অ্যাপারেলস লিমিটেড শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে শহরে বিক্ষোভ মিছিল বের করেন শ্রমিকরা।

শ্রমিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ ও সহসভাপতি হাসনাত কবীর।

সমাবেশে শ্রমিক নেতারা বলেন, গত ২৯ জুন নোটিশ দিয়ে সেঞ্চুরি অ্যাপারেলস কারখানা বন্ধ ঘোষণা করা হয়। আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধ করার কথা থাকলেও এখনো তা পরিশোধ করা হয়নি।

তারা অভিযোগ করেন, মালিকপক্ষ কারখানা বিক্রি করে শ্রমিকদের পাওনা পরিশোধের কথা জানিয়েছিল। ইতোমধ্যে কারখানাটি ফকির অ্যাপারেলসের কাছে বিক্রি করা হয়েছে বলে তারা জানতে পেরেছেন। অথচ শ্রমিকদের পাওনা পরিশোধ করা হয়নি।

শ্রমিক নেতারা আরও বলেন, শ্রমিকদের পক্ষ থেকে জেলা প্রশাসন, শিল্প পুলিশ, বিকেএমইএ, শ্রম দপ্তর ও কলকারখানা পরিদর্শন অধিদপ্তরে লিখিতভাবে অভিযোগ দেওয়া হলেও সমস্যার সমাধান হয়নি। বিভাগীয় শ্রম দপ্তরের ত্রিপক্ষীয় সভায় ৩১ আগস্টের মধ্যে পাওনা পরিশোধের নির্দেশ দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি।

তাদের দাবি, কারখানা মালিক, ক্রেতা প্রতিষ্ঠান ফকির অ্যাপারেলস ও সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের এই সংকটের দায় নিতে হবে এবং দ্রুত শ্রমিকদের আইনানুগ পাওনা পরিশোধ করতে হবে।

শ্রমিক নেতারা বলেন, দুই মাসের বেশি সময় ধরে কাজ হারিয়ে শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন। অনেক শ্রমিক বাড়িভাড়া ও দোকানের বকেয়া পরিশোধ করতে না পেরে চরম সংকটে পড়েছেন।

অবিলম্বে শ্রমিকদের পাওনা পরিশোধ করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

সর্বশেষ

জনপ্রিয়