৩০ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৫৫, ২৯ আগস্ট ২০২৬

সপরিবারে গণপতি চক্রবর্তী হত্যার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন

সপরিবারে গণপতি চক্রবর্তী হত্যার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন

রংপুরে স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীকে স্ত্রী, পুত্র ও কন্যাসহ সপরিবারে হত্যার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

একই সঙ্গে দেশব্যাপী ঐতিহ্য ও সংস্কৃতির ওপর আক্রমণকারী উগ্রবাদী গোষ্ঠীকে আইনের আওতায় এনে বিচারের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উদ্যোগে এ প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মনি সুপান্থের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দিনা তাজরীনের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, কবি ও সাংবাদিক হালিম আজাদ, শিশু সংগঠক রথীন চক্রবর্তী, সিপিবি নারায়ণগঞ্জ জেলা সভাপতি শিবনাথ চক্রবর্তী, সংগঠনের উপদেষ্টা ভবানী শংকর রায় ও প্রদীপ ঘোষ বাবু, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দীপু, বাসদ নারায়ণগঞ্জ জেলা সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি মাহমুদ হোসেন, শিল্পী অমল আকাশ এবং সামাজিক সংগঠন সমমনার উপদেষ্টা দুলাল সাহা।

বক্তারা বলেন, গণপতি চক্রবর্তীকে সপরিবারে হত্যার ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করতে হবে। একই সঙ্গে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

রফিউর রাব্বি বলেন, রংপুরের চার হত্যাকাণ্ড নিয়ে পুলিশের নানামুখী বক্তব্যে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। গণপতি চক্রবর্তী হত্যার তদন্তেও পূর্বের মতো ‘জজ মিয়া নাটক’ তৈরির কোনো চেষ্টা হচ্ছে কি না, তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে।

তিনি বলেন, ‘সরকার যদি এ হত্যাকাণ্ডকে ভিন্ন দিকে নিয়ে গিয়ে কাউকে রক্ষা করার পথে যায়, তা সরকারের জন্য ভালো হবে না।’

দেশের সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরে রফিউর রাব্বি বলেন, ধর্ম রক্ষার নামে এক শ্রেণির উগ্রবাদীর উত্থান ঘটেছে। তারা দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। এ বিষয়ে সরকারের নমনীয়তা ও নীরবতা তাদের উৎসাহিত করছে।

তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়া নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও দায়িত্বজ্ঞানহীন। তাঁর বক্তব্যে মনে হয়, ব্রাহ্মণবাড়িয়া যেন দেশের আলাদা কোনো ভূখণ্ড। ঐতিহ্য ও সংস্কৃতিবিরোধী সব ধরনের তৎপরতা বন্ধে সরকারকে কঠোর হওয়ার দাবি জানান তিনি।

কবি ও সাংবাদিক হালিম আজাদ বলেন, বিগত ছয় মাসে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা লক্ষ্য করা গেছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আশঙ্কাজনক অবনতি হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

মানববন্ধনে বক্তারা গণপতি চক্রবর্তীকে স্ত্রী, পুত্র ও কন্যাসহ হত্যার দ্রুত ও সুষ্ঠু বিচার এবং ধর্মীয় উগ্রবাদীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সর্বশেষ

জনপ্রিয়