৩০ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:০৬, ২৯ আগস্ট ২০২৬

‘কথনের গানের স্কুল’-এর যাত্রা শুরু

‘কথনের গানের স্কুল’-এর যাত্রা শুরু

নতুন সাংস্কৃতিক কার্যক্রমের অংশ হিসেবে ‘কথন সামাজিক-সাংস্কৃতিক কেন্দ্র’-এর উদ্যোগে আনুষ্ঠানিকভাবে ‘কথনের গানের স্কুল’-এর যাত্রা শুরু হয়েছে। এর মাধ্যমে নারায়ণগঞ্জে নিয়মিত সংগীতচর্চার একটি পরিসর তৈরির উদ্যোগ নিয়েছে সংগঠনটি।

শনিবার (২৯ আগস্ট) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কথন সামাজিক-সাংস্কৃতিক কেন্দ্রের উপদেষ্টা সাদেকুল ইসলাম সাদিকসহ সংগঠনের সদস্যরা।

অনুষ্ঠানে সাদেকুল ইসলাম সাদিক বলেন, নারায়ণগঞ্জে প্রায় দুই বছর ধরে তাদের বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এর ধারাবাহিকতায় গানের স্কুলের কার্যক্রম শুরু করা হয়েছে।

তিনি বলেন, বর্তমান সমাজে নৈতিক অবক্ষয়ের কারণে ছাত্র-যুবসমাজের একটি অংশ নানা নেতিবাচক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এ পরিস্থিতিতে সুস্থ ও সৃজনশীল সাংস্কৃতিক চর্চার গুরুত্ব বাড়ানো প্রয়োজন। সুস্থ সাংস্কৃতিক চর্চার প্রসার একটি মানবিক ও সুন্দর সমাজ নির্মাণের পথকে সুগম করতে পারে।

তিনি আরও বলেন, গান মানুষের হৃদয়ে প্রশান্তি সৃষ্টি করে এবং মানবিক মূল্যবোধ ও সৌন্দর্যবোধ জাগিয়ে তোলে। সমাজের প্রতিটি স্তরে গানের চর্চা ছড়িয়ে দেওয়ার উদ্যোগের অংশ হিসেবেই ‘কথনের গানের স্কুল’ চালু করা হয়েছে।

অনুষ্ঠানের শেষ পর্বে কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস স্মরণে নজরুলগীতি পরিবেশন ও কবিতা আবৃত্তি করা হয়। এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সর্বশেষ

জনপ্রিয়