৩০ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৫০, ২৯ আগস্ট ২০২৬

আপডেট: ২০:৫১, ২৯ আগস্ট ২০২৬

নতুন রাজনৈতিক-অর্থনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠায় জনগণের ঐক্য জরুরি: তরিকুল

নতুন রাজনৈতিক-অর্থনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠায় জনগণের ঐক্য জরুরি: তরিকুল

নতুন রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠায় জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন।

শনিবার (২৯ আগস্ট) গণসংহতি আন্দোলনের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ শহীদ মিনারে সকল শহীদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে তিনি এ আহ্বান জানান।

এ সময় তরিকুল সুজন বলেন, ‘গণসংহতি আন্দোলনের ২৪ বছরের পথচলা মূলত সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামের ইতিহাস। মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা নিয়ে মানুষ স্বাধীনতার জন্য লড়াই করেছিল, সেই আকাঙ্ক্ষার বাংলাদেশ এখনো প্রতিষ্ঠিত হয়নি। শহীদদের আত্মত্যাগকে ধারণ করে গণসংহতি আন্দোলন বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, জনগণের ঐক্যবদ্ধ শক্তিই রাষ্ট্র ও সমাজের বৈষম্য দূর করে মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে পারে। প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা সেই লড়াইকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করছি। আমরা একটি নতুন রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠায় জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়ে যাই।’

কর্মসূচিতে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর কমিটির নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার, জেলার প্রচার সম্পাদক শুভ দেব, সদস্য নাজমা বেগম, সিদ্ধিরগঞ্জ থানার আহ্বায়ক জিয়াউর রহমান, সদস্য সচিব মো. সোহাগ, যুব ফেডারেশনের যুগ্ম সদস্য সচিব আর এইচ পলাশ, ভ্যান শ্রমিক সংহতির সভাপতি মো. ফরিদ, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি সৃজয় সাহা, সাধারণ সম্পাদক সৌরভ সেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রতিষ্ঠাবার্ষিকীতে মানুষের মুক্তির সংগ্রামের সকল শহীদের স্মরণ করে গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রাম আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ

জনপ্রিয়