জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির স্কুল বিতর্ক প্রতিযোগিতার প্রথম রাউন্ড শুরু
দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধি ও শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ গড়ে তোলার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে স্কুলভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ শুরু হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সার্বিক সহযোগিতায় সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত নারায়ণগঞ্জ কলেজে প্রতিযোগিতার প্রথম রাউন্ডের প্রথম দিনের আয়োজন অনুষ্ঠিত হয়। এতে চারটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।
প্রতিযোগিতায় দেওভোগ উজির আলী উচ্চ বিদ্যালয় এবং বিবি মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রধান উপদেষ্টা ডা. শাহনেওয়াজ চৌধুরী। বিচারকের দায়িত্ব পালন করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বাবুল কৃষ্ণ সাহা, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি এবং নারায়ণগঞ্জ কলেজের রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক রবিউল ইসলাম।
বিতর্ক প্রতিযোগিতার মডারেটর ছিলেন আয়োজক কমিটির আহ্বায়ক বিল্লাল হোসেন রবিন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ডা. স্কেলা, সদস্য কামরুন্নাহার, সামাজিক ও যুব স্বেচ্ছাসেবী সংগঠন ‘লজিক অব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাতা শেখ মাশরুর পারভেজ রাফিসহ অন্যরা।
আয়োজকরা জানান, স্কুলভিত্তিক এ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও যুক্তিবোধের বিকাশের পাশাপাশি দুর্নীতির কুফল সম্পর্কে সচেতনতা তৈরি হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





































