শ্রমিকের নিরাপত্তা অনুগ্রহ নয়, নাগরিক অধিকার: এমপি আল আমিন
শ্রমিকের নিরাপত্তা কোনো অনুগ্রহ নয়, এটি তার নাগরিক অধিকার বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।
সোমবার (৭ সেপ্টেম্বর) ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘সকল প্রাণের নিরাপত্তা সপ্রাণ’ আয়োজিত ‘জাহাজ ভাঙার মানবিক মূল্য’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
সম্প্রতি সীতাকুণ্ডে জাহাজ কাটার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ১০ শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর সমবেদনা জানিয়ে আব্দুল্লাহ আল আমিন বলেন, একটি শিল্পের অর্থনৈতিক গুরুত্ব কখনোই একজন মানুষের জীবনের চেয়ে বড় হতে পারে না।
তিনি বলেন, একজন শ্রমিক শুধু একজন কর্মী নন, তিনি একজন নাগরিক। জীবিকার তাগিদে কাউকে যেন অনিরাপদ ও অস্বাস্থ্যকর কর্মপরিবেশে কাজ করতে বাধ্য হতে না হয়, তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
শিপ ব্রেকিংয়ের মতো ঝুঁকিপূর্ণ শিল্পে একজন শ্রমিক কোথায় কাজ করছেন, কী ধরনের ঝুঁকি রয়েছে এবং কীভাবে তার নিরাপত্তা নিশ্চিত করা হবে—এসব জানার অধিকার তার রয়েছে। জীবিকার প্রয়োজন যেন কোনো মানুষকে জীবন ও নিরাপত্তার সঙ্গে আপস করতে বাধ্য না করে।
তিনি আরও বলেন, শিল্প ও বিনিয়োগকে উৎসাহিত করার পাশাপাশি শ্রমিকের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। একজন শ্রমিকের জীবন ও নাগরিক হিসেবে তার মর্যাদা কোনো শিল্পের লাভ-ক্ষতির হিসাবের চেয়ে কম গুরুত্বপূর্ণ নয়।





































