এসএসসি: নারায়ণগঞ্জে পাসের হার বেড়েছে, কমেছে জিপিএ-৫
নারায়ণগঞ্জ জেলায় এবার এসএসসি পরীক্ষার্থীর উত্তীর্ণের (পাস) হার বেড়েছে কিন্তু কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা।
সোমবার (১০ আগস্ট) দুপুরে প্রকাশিত ফলাফল অনুযায়ী নারায়ণগঞ্জ জেলায় এ বছর ৭২ দশমিক ২০ শতাংশ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় পাস করেছে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৩৪৩ জন।
গতবছর জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ হাজার ৪৬২ জন। তবে, পাসের হার ছিল ৬৪ দশমিক ২৫ শতাংশ।
জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আতিকুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর ২৭ হাজার ৮২০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ২০ হাজার ৮৫ জন উত্তীর্ণ হয়েছেন।
সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছেন সদর উপজেলার- ৮১২ জন। এছাড়া, রূপগঞ্জে ২৪৬ জন, সোনারগাঁয়ে ১৩০ জন, আড়াইহাজারে ৭৯ জন এবং বন্দরে ৭৬ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা সদরে বেশি হলেও উত্তীর্ণের হার রূপগঞ্জ উপজেলায় বেশি- ৭৭ দশমিক ৮৩ শতাংশ। সদরে ৭১ দশমিক ৮৭ শতাংশ।
এছাড়া, সোনারগাঁয়ে ৭২ দশমিক ৭৬ শতাংশ, বন্দরে ৭১ দশমিক ৮৭ শতাংশ এবং আড়াইহাজারে সবচেয়ে কম ৬৪ দশমিক ১৬ শতাংশ উত্তীর্ণের হার।
সমমানের পরীক্ষার ফলাফল
এ বছর দাখিল পরীক্ষায় ৩ হাজার ৪৮৮ জন শিক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে ২ হাজার ৩২২ জন উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণের হার ৬৬ দশমিক ৫৭ শতাংশ। যা গতবার ছিল ৭৭ দশমিক ৩১ শতাংশ।
গতবার ৯২ জন দাখিল পরীক্ষার্থী জিপিএ-৫ পেলেও এবার পেয়েছেন ৯১ জন।
এসএসপি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেওয়া ১ হাজার ৭৮৮ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ২০৫ জন। উত্তীর্ণের হার ৬৭ দশমিক ৩৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৫০ জন পরীক্ষার্থী।
গতবার এসএসসি’তে (ভোকেশনাল) জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল দ্বিগুণেরও বেশি। উত্তীর্ণের হারও ছিল ৮৪ দশমিক ৮১ শতাংশ।






































