বিদ্যানিকেতন হাই স্কুলে মেধা ও ক্রীড়া পুরস্কার বিতরণ
নারায়ণগঞ্জের ভুঁইয়ারবাগে অবস্থিত বিদ্যানিকেতন হাই স্কুলের বার্ষিক মেধা ও ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগষ্ট) বিকেলে বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা পরিষদের সভাপতি ও দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যানিকেতন ট্রাস্টের ট্রাস্টি কাসেম জামাল, ট্রাস্টি অ্যাডভোকেট নবী হোসেন, ট্রাস্টি ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, ট্রাস্টি ও নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম, ট্রাস্টি মোয়াজ্জেম হোসেন সোহেল এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পুঁথিগত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের শিল্প-সংস্কৃতি ও খেলাধুলার সঙ্গে যুক্ত করা প্রয়োজন। বর্তমানে নতুন প্রজন্মের একটি অংশ মোবাইল ফোন ও মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ছে। খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বক্তারা বলেন, নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলা সম্ভব। এ জন্য প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার সুযোগ আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।
পরে বিভিন্ন শ্রেণিতে মেধা ও ক্রীড়া প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।





































