খেলাধুলা ও সামাজিক কাজের মাধ্যমে তরুণদের এক করতে চায় ‘স্বপ্নের নারায়ণগঞ্জ’: শাহেদ
রাজনীতির বাইরে থেকেও তরুণদের সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে এক প্ল্যাটফর্মে আনতে চায় ‘স্বপ্নের নারায়ণগঞ্জ’। খেলাধুলা ও সামাজিক কাজের মাধ্যমে তরুণদের মধ্যে ঐক্য গড়ে তোলার লক্ষ্য নিয়ে সংগঠনটি কাজ করছে বলে জানিয়েছেন এর প্রতিষ্ঠাতা সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্যসচিব শাহেদ আহমেদ।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার জালকুড়ি হাইস্কুল মাঠে গ্রামবাংলার ঐতিহ্যবাহী কাবাডি খেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাহেদ আহমেদ বলেন, “আমি কখনো রাজনীতির উদ্দেশ্যে রাজনীতিতে আসিনি। ২০০২ সালে কলেজে পড়ার সময় অনেকটা না বুঝেই রাজনীতিতে জড়িয়ে পড়েছিলাম। কিন্তু ছাত্ররাজনীতি ও আন্দোলন-সংগ্রামের সময় দেখেছি, আমার স্কুল, কিন্ডারগার্টেন ও কলেজের অনেক প্রকৃত বন্ধু নানা কারণে আমাদের সঙ্গে যুক্ত হয়নি। কেউ আতঙ্কে, কেউ বা অন্য সমস্যার কারণে রাজনীতিতে আসেনি।”
তিনি বলেন, সেই অভিজ্ঞতা থেকেই সামাজিক কাজের মাধ্যমে সবাইকে একসঙ্গে যুক্ত করার চিন্তা শুরু করেন। সেই ভাবনা থেকেই ‘স্বপ্নের নারায়ণগঞ্জ’ নামে একটি সামাজিক সংগঠন গড়ে তোলা হয়েছে।
সংগঠনটির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে শাহেদ আহমেদ বলেন, “আমি স্বপ্ন দেখি, আজ থেকে এক-দুই বা তিন বছর পর মহানগরের প্রতিটি ওয়ার্ড থেকে শুরু করে জেলাপর্যায়ে ‘স্বপ্নের নারায়ণগঞ্জ’ একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন হিসেবে কাজ করবে। তরুণেরা এখানে নিজেদের মতো করে ভালো কাজ করবেন। প্রতিটি এলাকায় নিয়মিত খেলাধুলার আয়োজন করার চেষ্টা করবেন।”
তরুণদের মাদক ও কিশোর অপরাধ থেকে দূরে রাখা এবং সামাজিক মূল্যবোধ ফিরিয়ে আনার ক্ষেত্রে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এ ক্ষেত্রে খেলাধুলার বিকল্প নেই। সমাজে মুরব্বিদের সম্মান করা, পারস্পরিক সম্পর্ক ও সামাজিক বন্ধন শক্তিশালী করার ক্ষেত্রেও খেলাধুলা ভূমিকা রাখে। অনলাইনভিত্তিক সাইবার অপরাধ মোকাবিলায়ও তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করা জরুরি।
শাহেদ আহমেদ আরও বলেন, গত ১৯ বছরে শিক্ষাব্যবস্থা ও খেলাধুলার পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি মনে করেন। আগামী এক থেকে দুই বছরের মধ্যে শৈশবের মতো সামাজিক মূল্যবোধ ও খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।





































