বিএম ইউনিয়ন স্কুলে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ
শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি এবং মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে বন্দর উপজেলার বি এম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ আগস্ট) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের অংশগ্রহণে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মাজহারুল আলম খান পাভেল বলেন, বর্তমান শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হতে হবে। একজন সচেতন মা সন্তানকে মোবাইলের অপব্যবহার, মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।
তিনি বলেন, “শুধু সন্তানকে স্কুলে পাঠালেই দায়িত্ব শেষ নয়। অভিভাবকদের নিয়মিত তাদের পড়াশোনার খোঁজ নিতে হবে, ডায়েরি দেখতে হবে এবং কোনো সমস্যা হলে বিদ্যালয় কর্তৃপক্ষকে জানাতে হবে। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই শিক্ষার মান আরও উন্নত করা সম্ভব।”
পাভেল আরও বলেন, “যেসব পরিবারের কন্যাসন্তান রয়েছে, তারা বাল্যবিবাহকে ‘না’ বলুন। মাদক থেকে সন্তানকে দূরে রাখার প্রধান দায়িত্ব বাবা-মায়ের। একটি পরিবারের একজন সদস্য মাদকাসক্ত হলে পুরো পরিবার ক্ষতিগ্রস্ত হয়। ইভটিজিং বর্তমানে সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। সন্তানরা সময়মতো বাসায় ফিরছে কি না, সে বিষয়েও অভিভাবকদের নজর রাখতে হবে।”
তিনি বলেন, “সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম এই শিক্ষাপ্রতিষ্ঠানের ঐতিহ্য ধরে রাখার নির্দেশনা দিয়েছেন। সেই লক্ষ্যেই সবাইকে একযোগে কাজ করতে হবে।”
সমাবেশে উপস্থিত ছিলেন বি এম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির অভিভাবক প্রতিনিধি মেহেদী হাসান সজীব, শিক্ষক প্রতিনিধি লিয়াকত আলী, অধ্যক্ষ ও সদস্য সচিব আজিজুর রহমান, সহকারী প্রধান শিক্ষক আলাউদ্দিনসহ শিক্ষক-শিক্ষিকারা।





































