২৭ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৫৪, ২৬ জুলাই ২০২৬

আপডেট: ১৯:৫৫, ২৬ জুলাই ২০২৬

ডেইলি স্টার-প্রাইম ব্যাংকের সম্মাননা পেলেন ও-লেভেলে দেশসেরা প্রিয়তা

ডেইলি স্টার-প্রাইম ব্যাংকের সম্মাননা পেলেন ও-লেভেলে দেশসেরা প্রিয়তা

ইংরেজি মাধ্যম শিক্ষার ও-লেভেল পরীক্ষায় দেশসেরা সাফল্য অর্জন করে ডেইলি স্টার ও প্রাইম ব্যাংকের সম্মাননা পেয়েছেন নারায়ণগঞ্জের কৃতী শিক্ষার্থী প্রিয়তা ঘোষ। দেশের মধ্যে প্রথম স্থান অর্জনকারী ৪২ জন শিক্ষার্থীর তালিকায় স্থান পাওয়ায় তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।

শনিবার (২৫ জুলাই) সকালে বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে দ্য ডেইলি স্টার ও প্রাইম ব্যাংকের যৌথ উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

এদিন সারাদেশের ১২১টি ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানের মোট দুই হাজার ৫৪৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এর মধ্যে এক হাজার ৯২৮ জন ও-লেভেল এবং ৬১৭ জন এ-লেভেলের শিক্ষার্থী ছিলেন। ও-লেভেলে দেশসেরা ৪২ জন শিক্ষার্থীর একজন হিসেবে বিশেষ সম্মাননা গ্রহণ করেন প্রিয়তা ঘোষ।

প্রিয়তা ঘোষ নারায়ণগঞ্জ শহরের উত্তর চাষাঢ়া রামবাবুর পুকুরপাড় এলাকার বাসিন্দা সুভাষ ঘোষ ও পূর্ণিমা ঘোষ দম্পতির মেয়ে। তিনি এবিসি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।

অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন প্রিয়তা ঘোষ। এ ছাড়া চেঞ্জেস স্কুলের সাফিয়া চৌধুরী ও সাহিল সাদমানও বক্তব্য রাখেন। শিক্ষার্থীদের সাফল্যে অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ৪৯ জন অধ্যক্ষকেও সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও মেডেল তুলে দেন প্রাইম ব্যাংক পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফয়সাল রহমান, দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম এবং কনসালটিং এডিটর কামাল আহমেদ।

মেয়ের এ অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে প্রিয়তার বাবা সুভাষ ঘোষ বলেন, “মেয়ের এই অর্জনে আমরা আনন্দিত ও গর্বিত। ওর কঠোর পরিশ্রম এবং শিক্ষকদের সঠিক দিকনির্দেশনাই আজকের এই সাফল্য এনে দিয়েছে। প্রিয়তা ভবিষ্যতে দেশ ও মানুষের কল্যাণে নিজের মেধা কাজে লাগাতে পারুক এটাই আমাদের প্রত্যাশা।”

অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভকামনা জানান।

সর্বশেষ

জনপ্রিয়