হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তীর দ্বিতীয় পর্ব ও মিলনমেলা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জের ফতুল্লার হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে সুবর্ণ জয়ন্তীর দ্বিতীয় পর্ব ও মিলনমেলা আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের আয়োজনে নারায়ণগঞ্জের অ্যাডভেঞ্চার ল্যান্ড পার্কে দিনব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল থেকেই শিক্ষার্থী, শিক্ষক, অতিথি ও আয়োজকদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক ও শিক্ষানুরাগী আহমদ হোসেন। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুন্নেছা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিনতি বসাক, নুরুল হক দুলাল, কামাল হোসেন, জাকির মাহমুদ খান, সৈয়দ হুমায়ুন জাকির মিলন, আফরোজা সুলতানা রনি এবং মো. ওসমান।
অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা হয়। পরে সবাই ভেন্যুর উদ্দেশ্যে রওনা হন। সেখানে অতিথিদের ফুল দিয়ে বরণ ও ক্রেস্ট প্রদান করা হয়। এরপর পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, আনুষ্ঠানিক উদ্বোধন এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।
পরে অতিথিদের বক্তব্যের পাশাপাশি বিদ্যালয়ের বর্তমান ও অবসরপ্রাপ্ত কৃতি শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়। দুপুরে নৃত্যানুষ্ঠান, শিক্ষার্থীদের পরিবেশনায় গান, কৌতুকসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। মধ্যাহ্নভোজের পর শিক্ষার্থীরা বিভিন্ন রাইড ও বিনোদনমূলক কার্যক্রমে অংশ নিয়ে আনন্দঘন সময় কাটায়। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।





































