অস্বচ্ছল সহকর্মীদের পাশে আনসার কমাণ্ডার হযরত আলী
নিজস্ব জায়গা থাকলেও অর্থের অভাবে বসতবাড়ি নির্মাণ করতে পারছেন না নারায়ণগঞ্জ সদর উপজেলার অস্বচ্ছল ভিডিপি সদস্যরা। এমন সদস্যদের জন্য বাড়ি নির্মাণে উদ্যোগ নিয়েছে আনসার সদস্যদের ‘সমাজ কল্যাণ সংস্থা’। এ উদ্যোগে সদস্যদের সঞ্চয়ের পাশাপাশি সংগঠনের নিজস্ব অর্থ ও সহযোগিতা দেওয়া হচ্ছে।
এরই ধারাবাহিকতায় প্রথম পর্যায়ে সদর উপজেলার দুইজন অস্বচ্ছল ভিডিপি সদস্যের বাড়ি নির্মাণের কাজ শুরু হয়েছে। উদ্যোগটির সমন্বয় করছেন উপজেলা আনসার প্লাটুন কমান্ডার ও সংগঠনের সাধারণ সম্পাদক হযরত আলী খান।
গত ২০ আগস্ট কাশীপুর ইউনিয়নের ভিডিপি সদস্য আইরিন আক্তারের বাড়ি নির্মাণের কাজ শুরু হয়। সংশ্লিষ্টরা জানান, আগামী দুই মাসের মধ্যে বাড়িটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য রয়েছে।
এর দুই দিন পর, ২২ আগস্ট গোগনগর ইউনিয়নের ভিডিপি সদস্য দোলনার বাড়ি নির্মাণের কাজ শুরু করা হয়। সেখানে ছাদ ঢালাইসহ নির্মাণকাজ এগিয়ে চলছে। আগামী এক মাসের মধ্যে ছাদ ঢালাই সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।
বাড়ি নির্মাণের এসব কাজে আনসার ও ভিডিপির কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদেরও যুক্ত করা হচ্ছে। ইলেকট্রিশিয়ান, রাজমিস্ত্রি, পাইপ ফিটিং ও পেইন্টিংসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নেওয়া সদস্যরা পর্যায়ক্রমে নির্মাণকাজে অংশ নিচ্ছেন।
উদ্যোক্তাদের দাবি, এর ফলে একদিকে অস্বচ্ছল ভিডিপি সদস্যদের আবাসনের ব্যবস্থা হচ্ছে, অন্যদিকে কারিগরি প্রশিক্ষণ নিয়েও কর্মহীন থাকা সদস্যদের কাজের সুযোগ তৈরি হচ্ছে।
‘সমাজ কল্যাণ সংস্থা’র সাধারণ সম্পাদক হযরত আলী খান বলেন, অস্বচ্ছল সদস্যদের পাশে দাঁড়ানোর পাশাপাশি কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের কাজে যুক্ত করার চেষ্টা অব্যাহত থাকবে। সামর্থ্য অনুযায়ী সদস্যদের সহযোগিতা করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।





































