পরিবেশ ক্ষতির দায়ে ৩ প্রতিষ্ঠানকে ৩ লাখ ১৩ হাজার টাকা ক্ষতিপূরণ
নারায়ণগঞ্জে পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ ১৩ হাজার ৪৩০ টাকা ক্ষতিপূরণ ধার্য করেছে পরিবেশ অধিদপ্তর। এর মধ্যে ফতুল্লার একটি প্রতিষ্ঠানকে এর আগেও একই অপরাধে ২০২০ সালে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছিল।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর বিভিন্ন ধারার আলোকে পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং এ ক্ষতিপূরণ ধার্য করে। পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের তথ্য, উপাত্ত ও সুপারিশের ভিত্তিতে গত ৭ সেপ্টেম্বর প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
ক্ষতিপূরণের তালিকায় রয়েছে বন্দরের দাসেরগাঁও এলাকার মাহিন এক্সেসরিজ লিমিটেড। প্রতিষ্ঠানটিকে ১ লাখ ৮৬ হাজার ৪৮০ টাকা ক্ষতিপূরণ দিতে হবে।
ফতুল্লার পাগলা নন্দলালপুর এলাকার মেসার্স আশামনি প্রিন্টিং ইন্ডাস্ট্রিজকে ৭৬ হাজার ৯৫০ টাকা এবং রূপগঞ্জের মুড়াপাড়ার গঙ্গানগর এলাকার ক্রিয়েটিভ পেপার মিলস লিমিটেডকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, মেসার্স আশামনি প্রিন্টিং ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে এর আগেও একই ধরনের পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছিল। ২০২০ সালে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করে পরিবেশ অধিদপ্তর। এবারও একই অপরাধে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ৭৬ হাজার ৯৫০ টাকা ক্ষতিপূরণ ধার্য করা হলো।
তিন প্রতিষ্ঠানের ওপর ধার্য করা ক্ষতিপূরণের মোট পরিমাণ ৩ লাখ ১৩ হাজার ৪৩০ টাকা।





































