০৯ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৩৮, ৯ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৯:৩৯, ৯ সেপ্টেম্বর ২০২৬

নিউজিল্যান্ডে আন্তর্জাতিক পুরস্কার পেল সিটি পার্ক ও বাবুরাইল খাল প্রকল্প

নিউজিল্যান্ডে আন্তর্জাতিক পুরস্কার পেল সিটি পার্ক ও বাবুরাইল খাল প্রকল্প

আন্তর্জাতিক অঙ্গনে নতুন স্বীকৃতি পেয়েছে নারায়ণগঞ্জ সিটি পার্ক ও বাবুরাইল খাল পুনরুদ্ধার প্রকল্প। ২০২৬ সালের কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অব আর্কিটেক্টসের (সিএএ) সামাজিক প্রভাব পুরস্কারের রিজিওনাল বিভাগে বিজয়ী হয়েছে প্রকল্পটি।

দখল ও দূষণে বিপর্যস্ত একটি খালকে পুনরুদ্ধার করে পরিবেশবান্ধব ও জনবান্ধব উন্মুক্ত পরিসরে রূপ দেওয়ার উদ্যোগের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) নিউজিল্যান্ডের অকল্যান্ডে সিএএ’র সাধারণ সভায় এক জমকালো অনুষ্ঠানে প্রকল্পটির পক্ষে পুরস্কার গ্রহণ করেন ‘ভিত্তি স্থপতি বৃন্দ লিমিটেড’র প্রতিষ্ঠাতা পরিচালক স্থপতি ইশতিয়াক জহির তিতাস এবং সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান স্থপতি ইকবাল হাবিব।

প্রকল্পটি দু’টির পরামর্শক ও নকশা প্রণয়নকারী প্রতিষ্ঠান হিসেবে ‘ভিত্তি স্থপতি বৃন্দ লিমিটেড’ কাজ করেছে।

প্রায় তিন কিলোমিটার দীর্ঘ বাবুরাইল খাল এক সময় শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদীর মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগপথ ছিল। পণ্য ও যাত্রীবাহী নৌযান চলাচলের পাশাপাশি খালটি ছিল নগরবাসীর দৈনন্দিন জীবন ও বিনোদনের অংশ। পরবর্তীতে দখল, বর্জ্য ও দূষণের কারণে খালটি প্রায় মৃতপ্রায় হয়ে পড়ে। পুনরুদ্ধার প্রকল্পে খালটির জলপ্রবাহ ফিরিয়ে আনার পাশাপাশি দুই পাড়ে হাঁটার পথ, সেতু, সবুজায়ন ও জনপরিসর তৈরি করা হয়েছে।

বিশ্বব্যাংকের সহযোগিতায় বাস্তবায়িত এ প্রকল্প এর আগেও আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। ইউএন-হ্যাবিট্যাটের ‘এশিয়ান টাউনস্কেপ জুরি অ্যাওয়ার্ড-২০১৬’ এবং ইউএনডিপির ‘স্মার্ট সিটি ইনোভেশন অ্যাওয়ার্ড-২০১৭’ অর্জন করেছে প্রকল্পটি।

অন্যদিকে, দেওভোগ এলাকায় প্রায় ১৮ একর জায়গায় গড়ে ওঠা নারায়ণগঞ্জ সিটি পার্ক (শুরুতে নাম ছিল- শেখ রাসেল নগর পার্ক) এক সময় ছিল পরিত্যক্ত জলাশয় ও ময়লার ভাগাড়। তৎকালীন সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর উদ্যোগে জায়গাটি সংস্কার ও সৌন্দর্যবর্ধনের মাধ্যমে একটি আধুনিক নগর পার্কে রূপ দেওয়া হয়। পার্কটি এখন নগরবাসীর অন্যতম জনপ্রিয় বিনোদন ও অবসর কাটানোর স্থান।

সিটি পার্ক ও বাবুরাইল খাল দুই প্রকল্পই নারায়ণগঞ্জের নগরচিত্রে পরিবর্তন এনেছে। ব্যস্ত ও ঘনবসতিপূর্ণ শহরে হাঁটাচলা, পরিবার নিয়ে সময় কাটানো, অবসর ও বিনোদনের পাশাপাশি নির্মল পরিবেশে কিছুটা স্বস্তি পাওয়ার সুযোগ তৈরি হয়েছে নগরবাসীর জন্য। বাবুরাইল খাল প্রকল্পের নকশা ও পরিকল্পনায় স্থানীয় মানুষের ব্যবহার, পরিবেশ এবং জলভিত্তিক নগরপরিসরকে গুরুত্ব দেওয়া হয়েছে।

তৎকালীন মেয়র আইভীর উদ্যোগে নেওয়া এসব প্রকল্পের মাধ্যমে পরিত্যক্ত ও দখল-দূষণে ক্ষতিগ্রস্ত স্থানকে মানুষের জন্য উন্মুক্ত ও নান্দনিক গণপরিসরে রূপ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক এ পুরস্কার নারায়ণগঞ্জের সেই নগর উন্নয়ন উদ্যোগেরই আরেকটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।

সর্বশেষ

জনপ্রিয়