আগামী দিনে মহিলা দল দেশের নারীদের নেতৃত্ব দেবে: সাখাওয়াত
বিএনপির জাতীয়তাবাদী মহিলা দল আগামী দিনে আরও শক্তিশালী হয়ে দেশের নারীদের নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সিটি পার্কে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা ও মহানগর মহিলা দলের আয়োজনে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাখাওয়াত হোসেন খান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠার পর থেকে ধীরে ধীরে সংগঠনটি একটি বড় সংগঠনে পরিণত হয়েছে। আগামী দিনে মহিলা দল আরও শক্তিশালী হয়ে দেশের নারীদের নেতৃত্ব দেবে এটাই আমাদের প্রত্যাশা।
তিনি বলেন, মহিলা দলের নেত্রী বিভা হাসান, মোসলেহা কামাল, নুর নাহার, মিতা ও ডলিসহ যারা সংগঠনকে এগিয়ে নিতে কাজ করছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।
অনুষ্ঠানে মহানগর মহিলা দলের সদস্য ও নাসিকের সাবেক প্যানেল মেয়র-১ আফরোজা হাসান বিভার সভাপতিত্বে মহিলা সংস্থার নারায়ণগঞ্জ জেলার সাবেক চেয়ারম্যান মোসলেহা কামাল, জেলা মহিলা দলের সাবেক সভাপতি নুর নাহার, সহসভাপতি তাছলিমা বেগম, সাবেক সাংগঠনিক সম্পাদক সাজেদা খাতুন মিতা, সোনারগাঁ থানা মহিলা দলের সম্পাদিকা সালমা আক্তার কাজল, মহানগর মহিলা দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদিকা নাহার সুলতানা, সাবেক সাংগঠনিক সম্পাদিকা ডলি আহম্মেদসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে বিএনপি, জাতীয়তাবাদী মহিলা দল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকোসহ দেশের মানুষের জন্য দোয়া করা হয়।





































