০৯ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:১৩, ৯ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ২০:১৪, ৯ সেপ্টেম্বর ২০২৬

দ্বীন ও নৈতিকতাসম্পন্ন শিক্ষা ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব নয়: মাওলানা মঈনুদ্দিন

দ্বীন ও নৈতিকতাসম্পন্ন শিক্ষা ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব নয়: মাওলানা মঈনুদ্দিন

দ্বীন, শরিয়ত ও নৈতিকতাসম্পন্ন শিক্ষা ছাড়া কেবল প্রাতিষ্ঠানিক ডিগ্রি দিয়ে দেশ বা জাতির প্রকৃত উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ইসলামী চিন্তাবিদ মাওলানা মঈনুদ্দিন আহমাদ।

তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দেখানো নীতি ও আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার ও রাষ্ট্র পরিচালনা করা গেলে সামাজিক ও জাতীয় সংকটের স্থায়ী সমাধান সম্ভব।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় ‘আদর্শ স্কুল নারায়ণগঞ্জ’-এর বার্ষিক মেধা, সাহিত্য-সংস্কৃতি পুরস্কার প্রদান ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং শিক্ষক মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামিক সোসাইটি অব নারায়ণগঞ্জের সভাপতি আলহাজ মো. সামছুল হক।

মাওলানা মঈনুদ্দিন আহমাদ বলেন, যে শিক্ষার মধ্যে দ্বীন, শরিয়ত ও নৈতিকতা থাকে, সেটিই প্রকৃত মানসম্পন্ন শিক্ষা। ইসলামী মূল্যবোধ ও নৈতিকতাবিহীন শিক্ষা অর্জন করে যত বড় স্বীকৃতিই পাওয়া হোক না কেন, তা দিয়ে সমাজ বা দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।

তিনি বলেন, বর্তমানে মানুষ ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও জাতীয় নানা সমস্যায় জর্জরিত। দৈনন্দিন জীবনের নানা সংকটের পাশাপাশি মানুষের পরকালীন জীবনের কথাও মনে রাখতে হবে। ইহকাল ও পরকাল উভয় জীবনের সাফল্যের জন্য রাসুল (সা.)-এর সুন্নাহ ও দেখানো পথ অনুসরণ করতে হবে।

শিক্ষার্থীদের কোরআন ও নৈতিক শিক্ষায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) যেভাবে বিনয় ও মনোযোগ দিয়ে শিক্ষা গ্রহণ করেছেন, শিক্ষার্থীদেরও সেভাবে জ্ঞান অর্জনে মনোযোগী হতে হবে।

তিনি বলেন, আদর্শ স্কুল নারায়ণগঞ্জ শিক্ষার্থীদের চরিত্রবান ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করছে। এখান থেকে সংবর্ধিত কৃতি শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ মো. সামছুল হক বলেন, আদর্শ স্কুলের শিক্ষার্থীরা এবার ভালো ফলাফল করেছে। তবে শুধু ফলাফল নয়, নৈতিক শিক্ষায়ও শিক্ষার্থীদের শিক্ষিত হতে হবে। যে জাতির শিক্ষার মান যত উন্নত, সে জাতি তত বেশি উন্নত।

তিনি বলেন, আদর্শ স্কুল শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার বা আইনজীবী তৈরি করবে না, পাশাপাশি নামাজি ও নৈতিকতাসম্পন্ন মানুষও তৈরি করবে।

অনুষ্ঠানে আদর্শ মহিলা মাদরাসার সভাপতি ডা. আলী আশরাফ খান এবং ব্যবসায়ী ও সমাজসেবক শহিদুর রহমান বাঙালিসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বার্ষিক মেধা তালিকা, সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতায় বিজয়ী এবং বিভিন্ন পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, সনদপত্র ও বই তুলে দেওয়া হয়।

সর্বশেষ

জনপ্রিয়