তরুণীর সঙ্গে হোয়াটসঅ্যাপে পরিচয়, অতঃপর অপহরণ, মুক্তিপণ আদায়
নারায়ণগঞ্জের বন্দরে তরুণীর সঙ্গে হোয়াটসঅ্যাপে পরিচয়ের সূত্র ধরে এক যুবককে অপহরণ করে মারধরের পর এক লাখ টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে একটি ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে বন্দরের রাজবাড়ি কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সানজিদ হাসান রাফি (২৫) রূপগঞ্জ উপজেলার বরপা এলাকার সাংবাদিক মো. সাত্তার আলী সোহেলের ছেলে।
ভুক্তভোগীর বাবা সাত্তার আলী সোহেল জানান, বন্দর এলাকার তিন্নি নামের এক তরুণীর সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার ছেলে রাফির পরিচয় হয়। মঙ্গলবার দেখা করার কথা বলে ওই তরুণী তাকে বন্দরের নবীগঞ্জ খেয়াঘাটে আসতে বলেন। রাফি সেখানে পৌঁছালে তিন অজ্ঞাত যুবক তাকে রিসিভ করে জোরপূর্বক একটি মিশুকে (ইজিবাইক) তুলে নেয়।
পরে চাকুর ভয় দেখিয়ে তাকে রাজবাড়ি কবরস্থানের পেছনের নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকে অবস্থান করা ১০ থেকে ১২ জনের একটি দল তাকে আটকে রেখে মারধর করে বলে অভিযোগ করেন তার বাবা। এ সময় তার কাছে থাকা নগদ দেড়শ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।
সাত্তার আলী সোহেলের অভিযোগ, পরে ছেলেকে প্রাণনাশের হুমকি দিয়ে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। ছেলের জীবন রক্ষায় তিনি বাধ্য হয়ে দুটি বিকাশ নম্বরে দুই দফায় মোট এক লাখ টাকা পাঠান। টাকা পাওয়ার পর রাফিকে নবীগঞ্জ জনতা ব্যাংকের সামনে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে বন্দর থানায় মামলা করা হয়েছে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামালউদ্দিন জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।





































