সাত থানায় পুলিশের বিশেষ অভিযানে ৭১ জন গ্রেপ্তার
নারায়ণগঞ্জের বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীসহ ৭১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সদর মডেল থানায় ৯ জন মাদকসেবী, ফতুল্লা মডেল থানায় মাদকসেবী ও ব্যবসায়ীসহ ১৭ জন, বন্দরে ২৫০ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ ১২ জন, সিদ্ধিরগঞ্জে ১১ জন মাদকসেবী, সোনারগাঁয়ে মাদকসেবী ৭ জন ও ব্যবসায়ী ২ জনসহ ৯ জন, আড়াইহাজারে ৬ জন এবং রূপগঞ্জে ৭ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।
বন্দর থানায় গ্রেপ্তারদের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।





































