কলাগাছিয়া ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ছয়টি ওয়ার্ডে সদস্য (মেম্বার) প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। চেয়ারম্যান পদে ক্বারী মাওলানা নুরুল আমীনকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) বাদ মাগরিব কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া এলাকায় জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত সহযোগী সম্মেলনে এসব প্রার্থীর নাম ঘোষণা করা হয়।
ঘোষিত সদস্য প্রার্থীরা হলেন ১ নম্বর ওয়ার্ডে মো. আবু সাঈদ ফরাজী, ৩ নম্বর ওয়ার্ডে মো. রিপন সরদার, ৫ নম্বর ওয়ার্ডে মো. জামাল উদ্দিন, ৬ নম্বর ওয়ার্ডে মাওলানা শাহাদাত, ৭ নম্বর ওয়ার্ডে মো. নজরুল ইসলাম আমিনী এবং ৮ নম্বর ওয়ার্ডে মাওলানা রফিকুল ইসলাম।
কলাগাছিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. আব্দুস সালামের সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি অ্যাডভোকেট শাহ আলম শাহীনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য মুফতি জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথির বক্তব্যে মুফতি জাহাঙ্গীর আলম বলেন, ‘বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নে একজন আলেমকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে, এটি অত্যন্ত সৌভাগ্যের বিষয়। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করব এবং মাওলানা নুরুল আমীনকে বিজয়ী করতে কাজ করব।’
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা জামায়াতের আমির মাওলানা খোরশেদ আলম ফারুকী। এ ছাড়া স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





































