০৯ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:২৫, ৯ অক্টোবর ২০২৬

আপডেট: ১৬:২৫, ৯ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জ ও বন্দরে ডিবির দুই অভিযান, ১৭ মামলার আসামি ওসমানসহ গ্রেপ্তার ৪

সিদ্ধিরগঞ্জ ও বন্দরে ডিবির দুই অভিযান, ১৭ মামলার আসামি ওসমানসহ গ্রেপ্তার ৪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও বন্দরে পৃথক দুটি অভিযান চালিয়ে ২ হাজার ২০০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ওসমান (২৬) নামে এক যুবকের বিরুদ্ধে আগে থেকেই ১৭টি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৮টা থেকে শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত পৃথক দুটি অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বন্দর উপজেলার মাহমুদনগর এলাকার আলী ইসলামের ছেলে ওসমান (২৬), সোনাকান্দা ব্যাপারীপাড়া এলাকার সোবহানের ছেলে নয়ন (২৫), সিদ্ধিরগঞ্জের পাইনাদি পশ্চিমপাড়া এলাকার নূরু মিয়ার ছেলে রিপন (৩৬) এবং একই এলাকার আবদুর রহিমের স্ত্রী রেখা আক্তার (৪০)।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, ডিবির উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান ও মফিজুল ইসলামের নেতৃত্বে একটি দল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সিদ্ধিরগঞ্জের পাইনাদি পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় রিপন ও রেখা আক্তারকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

পরে একই দল শুক্রবার সকাল ৬টার দিকে বন্দরের মাহমুদনগর এলাকায় অভিযান চালিয়ে ওসমান ও তাঁর সহযোগী নয়নকে গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ওসমানের বিরুদ্ধে আগে থেকেই ১৭টি মাদক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত বলে পুলিশের দাবি।

পৃথক দুটি অভিযানে মোট ২ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও বন্দর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।

সর্বশেষ

জনপ্রিয়