০৯ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:১৪, ৯ অক্টোবর ২০২৬

দেওভোগে পানির সংকট নিরসনে দিদার খন্দকারের উদ্যোগ

দেওভোগে পানির সংকট নিরসনে দিদার খন্দকারের উদ্যোগ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১৪ নম্বর ওয়ার্ডের দেওভোগ নর্থ রোড (ডি.এন. রোড) এলাকায় দীর্ঘদিনের পানির সংকট নিরসনে নতুন সাবমারসিবল পাম্প স্থাপন করেছেন মহানগর বিএনপি নেতা ও কাউন্সিলর প্রার্থী দিদার খন্দকার।

স্থানীয় শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবমারসিবল পাম্প বিকল হয়ে যাওয়ায় এক মাসের বেশি সময় ধরে পানির সংকটে ভুগছিলেন এলাকাবাসী। এতে রান্না, গোসলসহ দৈনন্দিন প্রয়োজনীয় কাজে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল স্থানীয় বাসিন্দাদের।

এ পরিস্থিতিতে পানির সংকট নিরসনের দাবি নিয়ে দিদার খন্দকারের কাছে যান ভুক্তভোগী বাসিন্দারা। তাঁদের অনুরোধে তিনি ব্যক্তিগত উদ্যোগে নতুন সাবমারসিবল পাম্প স্থাপনের ব্যবস্থা করেন। এতে এলাকার বাসিন্দাদের পানি সংগ্রহের দুর্ভোগ অনেকটাই কমেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে পাম্পটি বিকল থাকায় নারী, শিশু ও বয়স্কদের সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয়েছে। প্রয়োজনীয় পানি সংগ্রহের জন্য আশপাশের বাড়িতে যেতে হতো। অনেক সময় কলসি, বালতি ও পানির জার নিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে। নতুন পাম্প স্থাপনের ফলে সেই ভোগান্তি অনেকটাই কমেছে।

এ বিষয়ে দিদার খন্দকার বলেন, ‘পানির পাম্প বিকল হয়ে যাওয়ায় স্থানীয় মানুষ দীর্ঘদিন ধরে ভোগান্তিতে ছিলেন। তাঁদের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে নতুন সাবমারসিবল পাম্প স্থাপনের ব্যবস্থা করেছি। দেওভোগ নর্থ রোডের বাসিন্দারা আমার স্বজনের মতো। তাঁদের পাশে দাঁড়ানো এবং সেবা করাকে আমি নিজের দায়িত্ব মনে করি।’

তিনি আরও বলেন, ‘এলাকার মানুষের যেকোনো সমস্যায় আমি অতীতেও পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও মানুষের প্রয়োজন ও সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করে যেতে চাই।’

স্থানীয়দের ভাষ্য, দিদার খন্দকার এর আগেও ঈদ, পূজাসহ বিভিন্ন উৎসবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। পাশাপাশি এলাকার রাস্তাঘাট ও বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানেও সহযোগিতা করেছেন।

নতুন সাবমারসিবল পাম্প স্থাপনের মাধ্যমে দীর্ঘদিনের পানির সংকট থেকে স্বস্তি পাওয়ায় স্থানীয় বাসিন্দারা দিদার খন্দকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

সর্বশেষ

জনপ্রিয়