১০ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৪:৫৯, ১০ অক্টোবর ২০২৬

মহালয়ায় দেবীর আগমনী সুর, বলদেব জিউ মন্দিরে লাল-সবুজের আবহ

মহালয়ায় দেবীর আগমনী সুর, বলদেব জিউ মন্দিরে লাল-সবুজের আবহ

চণ্ডীপাঠ, শঙ্খধ্বনি ও প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে উদযাপিত হয়েছে শুভ মহালয়া। দেবী দুর্গার আগমনী বার্তার পাশাপাশি পূর্বপুরুষদের স্মরণে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল উৎসবমুখর পরিবেশ। এবার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিতাইগঞ্জের শ্রী শ্রী বলদেব জিউর আখড়া ও শিবমন্দিরের মণ্ডপসজ্জায় বিশেষভাবে তুলে ধরা হয়েছে দেশপ্রেমের থিম ও জাতীয় পতাকার লাল-সবুজ রঙ।

শনিবার (১০ অক্টোবর) সকালে শহরের নিতাইগঞ্জে মন্দির প্রাঙ্গণে মহালয়া উপলক্ষে নানা আয়োজন করা হয়। সকাল ৬টায় চণ্ডীপাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সকাল ৭টায় প্রদীপ প্রজ্বালন ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে আয়োজনের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ। পরে সকাল ৯টায় ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, শুভ মহালয়া দেবী দুর্গার আগমনী বার্তা নিয়ে আসে। এ আয়োজনের মধ্য দিয়ে অশুভ শক্তির বিনাশ ও পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার বার্তা প্রকাশ পায়। নারায়ণগঞ্জ সাম্প্রদায়িক সম্প্রীতির শহর উল্লেখ করে তিনি বলেন, সবাই মিলে ভাই-ভাইয়ের মতো একটি আধুনিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে হবে।

বলদেব জিউর মন্দির কমিটির সভাপতি জয় কে রায় চৌধুরী বাপ্পী বলেন, এবারের মণ্ডপসজ্জার মূল অনুপ্রেরণা দেশপ্রেম ও জাতীয় পতাকার লাল-সবুজ রঙ।

দেশকে মায়ের সঙ্গে তুলনা করে তিনি বলেন, জাতীয় পতাকা তাঁদের শক্তির উৎস। মণ্ডপসজ্জায় স্থানীয় কুটিরশিল্প, পাতার বাটি, কদম ফুল, দেবী দুর্গার ১০টি অস্ত্রের আধ্যাত্মিক ব্যাখ্যা, আলোকসজ্জা ও চিত্রপ্রদর্শনীর আয়োজন রাখা হয়েছে।

মন্দিরে আয়োজিত অনুষ্ঠানে ভক্তদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। উপস্থিত ছিলেন মন্দিরের প্রধান উপদেষ্টা শংকর চন্দ্র সাহা, উপদেষ্টা সমীর সাহা, সহসভাপতি সজল রায়, সাধারণ সম্পাদক প্রবাস সাহা, সাংগঠনিক সম্পাদক রঞ্জিত ভৌমিক ও পণ্ডিত কৃষ্ণ চক্রবর্তীসহ অন্যরা।

এদিকে শহরের টানবাজারের বঙ্গবিহারী আখড়া ও হনুমান জিউর মন্দিরেও নানা আয়োজনে শুভ মহালয়া উদযাপন করা হয়েছে। সেখানে চণ্ডীপাঠ, গীতিনৃত্যনাট্য ও সরাসরি সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন ভক্ত ও শিল্পীরা। মন্দিরের পুরোহিত ও আয়োজকেরা এ আয়োজনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সূচনা করেন।

সর্বশেষ

জনপ্রিয়