১০ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ০৯:১৬, ১০ অক্টোবর ২০২৬

বিএনপি পরিচয়ে বেপরোয়া জাকির

বিএনপি পরিচয়ে বেপরোয়া জাকির

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএনপির পরিচয় ব্যবহার করে জাকির হোসেন ওরফে কাইল্লা জাকির বেপরোয়া হয়ে উঠেছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, মিজমিজি, পাইনাদি ও নতুন মহল্লা এলাকায় জাকির ও তার সহযোগীদের চাঁদাবাজি, জমি দখলের চেষ্টা ও ভয়ভীতি প্রদর্শনে আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ।

স্থানীয়দের দাবি, জাকির সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েলের ভাতিজা। বিএনপি সরকার গঠনের পর রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় তার প্রভাব বিস্তারের তৎপরতা বেড়েছে বলে অভিযোগ তাদের।

সম্প্রতি মিজমিজি এলাকার মোসা. সুফিয়া আলী নামে এক নারী জাকিরসহ সাতজনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এতে জমি দখলের চেষ্টা ও ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ করা হয়েছে।

সুফিয়া আলী অভিযোগে উল্লেখ করেন, বাবার কাছ থেকে ওয়ারিশ সূত্রে পাওয়া তার ১০ শতাংশ জমি দখলের চেষ্টা করছেন জাকির। এ উদ্দেশ্যে জমিতে বালু ভরাট করা হয়। বাধা দিলে তাকে হুমকি দেওয়া হয় এবং ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই হোসেন বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগেও জাকিরের বিরুদ্ধে নির্মাণকাজে বাধা দিয়ে চাঁদা দাবির অভিযোগ ওঠে। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তথ্য অনুযায়ী, মিজমিজি বাতানপাড়া এলাকায় পাঁচ কাঠা জমি কিনে নির্মাণকাজ শুরু করতে গেলে মো. মিজানুর রহমান নামে এক ব্যক্তিকে বাধা দেন জাকির ও মনির নামে আরেক ব্যক্তি।

মিজানুর রহমানের অভিযোগ ছিল, তাকে তুলে নিয়ে ভয়ভীতি দেখানো ও শারীরিক নির্যাতন করা হয়। ওই জমিতে নির্মাণকাজ করতে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন অভিযুক্তরা। টাকা না দিয়ে কাজ চালিয়ে গেলে তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ করেছিলেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রভাবশালীদের আশ্রয়ে সহযোগীদের নিয়ে এলাকায় চাঁদাবাজি, জমি দখল ও মাদক ব্যবসা চালিয়ে আসছেন জাকির। বাড়ি বা স্থাপনা নির্মাণের সময় টাকা দাবি এবং সালিশের নামেও অর্থ আদায়ের অভিযোগ করেছেন তারা।

এলাকাবাসীর ভাষ্য, কেউ প্রতিবাদ করলে কিংবা আইনের আশ্রয় নিলে তাকে হুমকির মুখে পড়তে হয়। ফলে অনেকে ভয়ে প্রকাশ্যে কথা বলতে চান না।

সর্বশেষ

জনপ্রিয়