১২ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:০৯, ১১ নভেম্বর ২০২৬

আপডেট: ২০:১০, ১১ নভেম্বর ২০২৬

‘শেখ হাসিনার আশা ছেড়ে নামাজ-কালাম পড়েন’: আওয়ামী লীগ নেতাকর্মীদের আবদুল জব্বার

‘শেখ হাসিনার আশা ছেড়ে নামাজ-কালাম পড়েন’: আওয়ামী লীগ নেতাকর্মীদের আবদুল জব্বার

নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবদুল জব্বার বলেছেন, ‘২০২৬ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত আট মাসে আট দফায় সিলিন্ডার গ্যাসের দাম বাড়ানো হয়েছে। জানুয়ারিতে ১,০০৬ টাকা থেকে বেড়ে তা ২,০০৮ টাকায় পৌঁছেছে, আর বাস্তবে বাজারে ২,৫০০ টাকায়ও গ্যাস পাওয়া যাচ্ছে না। এই রেকর্ড দাম বৃদ্ধি কার চক্রান্তে হচ্ছে? এটা কি দিল্লির শুভাকাঙ্ক্ষীদের চক্রান্ত, না নতুন কোনো বিপ্লবের জন্য জনগণকে উসকে দেওয়া হচ্ছে তা সরকারকে ভেবে দেখতে হবে।’

বুধবার (১১ নভেম্বর) বাদ আসর সিলিন্ডার গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে নৈরাজ্যের অভিযোগ তুলে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত বিক্ষোভ মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিছিলটি নগরীর মিশনপাড়া মোড় থেকে শুরু হয়ে চাষাঢ়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সরকারের প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তুলে মাওলানা আবদুল জব্বার বলেন, ‘সরকারের কেউ কেউ দাবি করছেন এটি "শিশু সরকার তাই তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারছেন না। কিন্তু আসল বিষয় হলো সচিবালয় ও প্রশাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় এখনো আওয়ামী দোসরেরা সুবিধা ভোগ করে সরকার পরিচালনা করছে। যে খুনিরা ছাত্র ও শ্রমিকদের হত্যা করেছে, তাদের রক্তের দাগ এখনো শুকায়নি অথচ বিচার হওয়ার আগেই বিএনপি তাদের সাথে আতাতের দুঃস্বপ্ন দেখছে।"

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, "গতকাল সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন রাতের অন্ধকারে ককটেল ফুটলে নাকি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বোঝা যায় না। টিএসসিতে ককটেল মারার ঘটনায় উনি কীভাবে বলেন উনি কিছু জানেন না? দেশের মানুষ সব জানলেও স্বরাষ্ট্রমন্ত্রী জানেন না কেন উনার সাথে কারো আতাত হয়েছে কি না তা আমরা জানতে চাই। সালাহ উদ্দিন আহমেদের মতো ব্যক্তিরা তারেক রহমানের এই সরকারকে ডুবিয়ে ফেলার জন্য যথেষ্ট। উনারা যদি আইনশৃঙ্খলা নিশ্চিত করতে না পারেন, তবে জনগণ পদত্যাগের আন্দোলন শুরু করবে।"

আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, "শেখ হাসিনা দেশে ফিরে আসার কথা বলে আসলে নিরপরাধ কর্মীদের বিপদে ফেলার চক্রান্ত করছেন। তাই শেখ হাসিনার আশা ছেড়ে আপনারা নামাজ-কালাম পড়েন কোরআন-হাদিস চর্চা করে হেদায়েতের পথে আসুন। এ দেশের সব দলের পরীক্ষা শেষ হয়েছে, জামায়াতে ইসলামীর পরীক্ষা এখনো বাকি। একটি ইনসাফভিত্তিক ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে জামায়াতের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।"

কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মাওলানা আবদুল কাইয়ূম, মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনসহ মহানগর ও বিভিন্ন থানা পর্যায়ের নেতাকর্মীরা।

সর্বশেষ

জনপ্রিয়