১১ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:৩১, ১১ নভেম্বর ২০২৬

আপডেট: ১৭:৪০, ১১ নভেম্বর ২০২৬

বিকেএমইএ পরিচালকের প্রতিষ্ঠানসহ ৬ টেক্সটাইলের শুল্ক-কর ফাঁকির অভিযোগ

বিকেএমইএ পরিচালকের প্রতিষ্ঠানসহ ৬ টেক্সটাইলের শুল্ক-কর ফাঁকির অভিযোগ

বিকেএমইএর পরিচালক মো. জামাল উদ্দিন মিয়ার দুই প্রতিষ্ঠানসহ নারায়ণগঞ্জের ছয়টি টেক্সটাইল প্রতিষ্ঠানে ২৬৯ কোটি ৪৮ লাখ ৫৫ হাজার ৮০৭ টাকার শুল্ক-কর ফাঁকির তথ্য পাওয়ার কথা জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। বুধবার (১১ নভেম্বর) অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জামাল উদ্দিন মিয়ার দুই প্রতিষ্ঠানই নারায়ণগঞ্জের বন্দরে। এর মধ্যে জাহিন নীটওয়্যার্স লিমিটেডে প্রায় ৬৪ কোটি ৬১ লাখ টাকা এবং জামাল উদ্দিন টেক্সটাইলস প্রাইভেট লিমিটেডে প্রায় ৯ কোটি ৪৫ লাখ টাকার শুল্ক-কর ফাঁকির প্রাথমিক তথ্য পাওয়া গেছে। দুই প্রতিষ্ঠানে এ অঙ্ক প্রায় ৭৪ কোটি ৬ লাখ টাকা। জামাল উদ্দিন মিয়া জাহিন নীটওয়্যার্স ও জামাল উদ্দিন টেক্সটাইলস প্রাইভেট লিমিটেেেডর ব্যবস্থাপনা পরিচালক।

তবে, এ বিষয়ে কথা বলতে বিকেএমইএ’র পরিচালক এবং জাহিন নীটওয়্যার্স ও জামাল উদ্দিন টেক্সটাইলের মালিক জামাল উদ্দিনের মুঠোফোনের নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি তাতে সাড়া দেননি।

সিআইআইডির প্রাথমিক হিসাবে, ছয় প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি শুল্ক-কর ফাঁকির তথ্য পাওয়া গেছে রূপগঞ্জের সিম ফেব্রিক্স লিমিটেডে, প্রায় ৯০ কোটি ৭৭ লাখ টাকা। এ ছাড়া রূপগঞ্জের সানজানা ফেব্রিক্স লিমিটেডে প্রায় ৬০ কোটি ৩৩ লাখ টাকা ও মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেডে প্রায় ৪ কোটি ৮৩ লাখ টাকা এবং আড়াইহাজারের বোনাফাইড নিটিং মিলস লিমিটেডে প্রায় ৩৯ কোটি ৫০ লাখ টাকার শুল্ক-কর ফাঁকির প্রাথমিক তথ্য পাওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্ড সুবিধায় শুল্ক-করমুক্তভাবে আমদানি করা সুতা, কাপড়, রাসায়নিক ও অন্যান্য কাঁচামাল উৎপাদনে ব্যবহার না করে খোলাবাজারে সরবরাহের অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে। গত ৮ অক্টোবর রূপগঞ্জ, বন্দর ও আড়াইহাজারের ছয়টি প্রতিষ্ঠানে একযোগে অভিযান চালায় সিআইআইডি। অভিযানে সহযোগিতা করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

অভিযানে গুদামের প্রকৃত মজুতের সঙ্গে স্টক রেজিস্টার ও কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেমের তথ্যের অসংগতি পাওয়া যায়। কয়েকটি প্রতিষ্ঠানে সুতা ও কাপড়ের ঘাটতি এবং কয়েকটিতে ঘোষিত হিসাবের চেয়ে বেশি মজুত পাওয়া গেছে। পরে জাতীয় রাজস্ব বোর্ডের আমদানিসংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে সম্ভাব্য শুল্ক-কর ফাঁকির পরিমাণ নির্ধারণ করে সিআইআইডি।

অধিদপ্তর জানিয়েছে, প্রতিষ্ঠানগুলোর আমদানি, উৎপাদন, মজুত ও কাঁচামাল ব্যবহারের নথি যাচাই চলছে। চূড়ান্ত তদন্তে শুল্ক-কর ফাঁকির পরিমাণ বদলাতে পারে। তদন্ত শেষে প্রকৃত পরিমাণ নির্ধারণ করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ

জনপ্রিয়