মাদ্রাসায় অগ্নিকাণ্ড: হাসপাতালে চিকিৎসাধীন ৯ শিক্ষার্থী, লাইফ সাপোর্টে ১
নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় অসুস্থ শিক্ষার্থীদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। চিকিৎসা শেষে বেশির ভাগ শিক্ষার্থী হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৯ জন শিক্ষার্থী চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে দুজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) এবং একজন লাইফ সাপোর্টে রয়েছেন।
বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, “সর্বশেষ আপডেট অনুযায়ী, চিকিৎসাধীন শিক্ষার্থীদের ছাড়পত্র দেওয়ার পর বর্তমানে আমাদের ইনস্টিটিউটে মোট ৯ জন রোগী ভর্তি রয়েছেন। ভর্তি থাকা এই ৯ জন রোগীর মধ্যে ২ জন আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁদের মধ্যে ১ জন লাইফ সাপোর্টে রয়েছেন।”
তিনি আরও বলেন, “ভর্তি থাকা সকল রোগীর যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে আমাদের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন।”
এর আগে বুধবার দুপুরে ডা. সুলতান মাহমুদ শিকদার জানিয়েছিলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় অসুস্থ মোট ৯৪ জন শিক্ষার্থীকে চিকিৎসার জন্য বার্ন ইনস্টিটিউটে আনা হয়েছিল। চিকিৎসা শেষে তাঁদের বেশির ভাগকেই পর্যায়ক্রমে ছাড়পত্র দেওয়া হয়। বুধবার দুপুর পর্যন্ত ১৮ জন শিক্ষার্থী ভর্তি থাকলেও সন্ধ্যায় সেই সংখ্যা কমে ৯ জনে দাঁড়ায়।
উল্লেখ্য, সোমবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ফতুল্লার সাইনবোর্ডসংলগ্ন ভূঁইগড়ের শান্তিধারা এলাকায় অবস্থিত জামিয়া আশরাফিয়া মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে ভবনের দ্বিতীয় তলার পাঠাগার ও কাগজপত্র পুড়ে যায়। এ সময় পুরো ভবনে ধোঁয়া ছড়িয়ে পড়লে আবাসিক শিক্ষার্থীদের অনেকে শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন। মাদ্রাসাটিতে প্রায় এক হাজার ৩০০ আবাসিক শিক্ষার্থী ছিলেন।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।





































