সম্পত্তির জন্য ২ ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ বৃদ্ধের
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৈতৃক সম্পত্তি নিজেদের নামে লিখে না দেওয়ায় ৬৫ বছর বয়সী বৃদ্ধ বাবা মো. আব্দুস সালামকে মারধর, জোর করে কক্ষে আটকে রাখা এবং মেয়ে ও মেয়ের জামাতাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তার দুই ছেলের বিরুদ্ধে। ছেলেদের কাছ থেকে ভরণ-পোষণ না পেয়ে দীর্ঘদিন ধরে মেয়ের সংসারে আশ্রয় নেওয়া এই বৃদ্ধ নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযুক্ত দুই ছেলে হলেন নুর আলম (৪৭) ও রাতুল হোসেন (৩৩)। তারা সিদ্ধিরগঞ্জের সাইলোগেট এলাকার কবরস্থান মসজিদসংলগ্ন এলাকায় বসবাস করেন। তাদের বাবা আব্দুস সালামও একই এলাকায় থাকেন।
থানায় দেওয়া অভিযোগে আব্দুস সালাম উল্লেখ করেন, তার দুই ছেলে গত ১০ থেকে ১২ বছর ধরে ভরণ-পোষণের দায়িত্ব পালন করছেন না। এ কারণে মেয়ে সেলিনা আক্তার (৩৬) ও মেয়ের জামাতা সাইদুর রহমান (৩৮) দীর্ঘদিন ধরে তার দেখাশোনা ও ভরণ-পোষণ করছেন।
অভিযোগ অনুযায়ী, বড় ছেলে নুর আলম দক্ষিণ আফ্রিকায় প্রবাসে থাকার সময় বাবার সব সম্পত্তি দুই ছেলের নামে লিখে দিতে কয়েকবার চাপ দেন। তবে তাতে রাজি হননি আব্দুস সালাম। নুর আলম দেশে ফেরার পর থেকে বিভিন্ন অজুহাতে তাকে, তার মেয়ে ও মেয়ের জামাতাকে গালাগাল ও হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ করেন তিনি।
গত ১০ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে দুই ছেলে আবারও সব সম্পত্তি তাদের নামে লিখে দিতে চাপ দেন। রাজি না হওয়ায় তাকে চড়-থাপ্পড় মেরে একটি কক্ষে আটকে রাখা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। খবর পেয়ে মেয়ে সেলিনা সেখানে গিয়ে বাবাকে উদ্ধার করেন। এ সময় তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ করেছেন আব্দুস সালাম।
অভিযোগে আরও বলা হয়, পরদিন ১১ নভেম্বর দুই ছেলে বাড়ির বৈদ্যুতিক কাটআউট খুলে রাখেন। পরে মেয়ের জামাতা সাইদুর রহমান সেটি ঠিক করতে গেলে তার সঙ্গে বিরোধ হয় এবং তাঁকে মারধরের চেষ্টা করা হয়।
আব্দুস সালাম বলেন, দুই ছেলের আচরণ ও হুমকির কারণে তিনি নিজের এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। এ পরিস্থিতিতে আত্মীয়স্বজনের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ দিয়েছেন তিনি।
সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইউসুফ আলী বলেন, বৃদ্ধ বাবাকে মারধর, আটকে রাখা এবং সম্পত্তি লিখে দেওয়ার জন্য চাপ প্রয়োগের বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। উভয় পক্ষের সঙ্গে কথা বলে তথ্য-উপাত্ত সংগ্রহ করা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।





































