১১ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:৩৯, ১১ নভেম্বর ২০২৬

আপডেট: ১৬:৪০, ১১ নভেম্বর ২০২৬

বন্দরে খেলাফত মজলিস নেতার ওপর হামলার প্রতিবাদে সমাবেশ, ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

বন্দরে খেলাফত মজলিস নেতার ওপর হামলার প্রতিবাদে সমাবেশ, ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

নারায়ণগঞ্জের বন্দরে কলাগাছিয়া ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি হাজী মাসুম মিয়ার ওপর হামলার প্রতিবাদে সমাবেশ হয়েছে। সমাবেশে হামলায় জড়িত থাকার অভিযোগে পুকন নামে এক ব্যক্তিকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন।

বুধবার (১১ নভেম্বর) আলীনগর বড় মসজিদের সামনে কলাগাছিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের উদ্যোগে এ সমাবেশ হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এবিএম সিরাজুল মামুন।

তিনি বলেন, “কলাগাছিয়া ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি হাজী মাসুম একজন সজ্জন ও দানশীল মানুষ। চিহ্নিত মাদকাসক্ত ও চাঁদাবাজ পোকন কর্তৃক তাঁর ওপর এ সন্ত্রাসী হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই ঘটনা শুধু একজন ব্যক্তিকে আঘাত করেনি, বরং এলাকার সর্বস্তরের মানুষের হৃদয়ে আঘাত করেছে। সন্ত্রাসী পুকনকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে খুঁজে বের করে গ্রেফতারের দাবি জানাচ্ছি। আমি নিজেও থানায় গিয়ে প্রশাসনের সঙ্গে কথা বলেছি এবং দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছি।”

এবিএম সিরাজুল মামুন আরও বলেন, “বন্দরের প্রায় এলাকাতেই মাদকের সাথে জড়িত সন্ত্রাসী ও চাঁদাবাজরা রাজত্ব করছে। এভাবে একটি এলাকা চলতে পারে না। বন্দরের মানুষকে সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে জেগে উঠতে হবে, সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা আশা করি প্রশাসন বিষয়টির গুরুত্ব বিবেচনা করে দ্রুত আসামিকে গ্রেফতার ও সুষ্ঠু বিচার নিশ্চিত করবে। অন্যথায় স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। কোনো সন্ত্রাসী যেন এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে, সে জন্য প্রশাসনকে দ্রুত ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। আমরা অবিলম্বে এ ঘটনার বিচার দেখতে চাই।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, মহানগর সহসাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, জেলা সহসাধারণ সম্পাদক মুফতী আবদুল গনী, বন্দর থানা পশ্চিম শাখার সভাপতি মাওলানা ফরিদুজ্জামান, সহসভাপতি সানাউল্লাহ, কলাগাছিয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ স্থানীয় নেতা ও এলাকাবাসী।

সর্বশেষ

জনপ্রিয়