সিদ্ধিরগঞ্জের বিএনপি নেতা ইকবালের পদ ফের স্থগিত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের পদ স্থগিত করেছে জেলা বিএনপি। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার পদ স্থগিত করা হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ইকবাল হোসেনের প্রাথমিক সদস্য পদও স্থগিত করা হয়েছে।
পদ স্থগিত করার বিষয়ে অনুলিপি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর দপ্তরেও পাঠানো হয়েছে।
এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে এক বাসচালককে মারধর করার প্রতিবাদ করায় ওই বাসের যাত্রী এক গবেষককে মারধর করার অভিযোগে বহিষ্কার হন ইকবাল হোসেন। তবে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তিনমাস আগে গত বছরের নভেম্বরে দলে ফিরিয়ে নেওয়া হয় ইকবালকে।
কিন্তু গত কয়েকমাসে ইকবালের বিরুদ্ধে জমি দখল চেষ্টা, মারধর ও হত্যার হুমকির অভিযোগে কয়েকজন ব্যক্তি থানায় লিখিত দিয়েছেন। এ নিয়ে ইকবাল আবারো সমালোচনার মুখে পড়েন।





































