ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ঘটনাস্থল পরিদর্শন তদন্ত কমিটির
নারায়ণগঞ্জের ফতুল্লার ভূঁইগড়ের শান্তিধারা এলাকায় জামিয়া আশরাফিয়া আবাসিক মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছে চার সদস্যের তদন্ত কমিটি। বুধবার (১১ নভেম্বর) বেলা ১১টার দিকে কমিটির সদস্যরা মাদ্রাসায় যান। সেখানে তাঁরা মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখেন।
তদন্ত কমিটির আহ্বায়ক ও নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক আলিনুর খান জানান, অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ অনুসন্ধানে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গেও কথা বলা হচ্ছে। মাদ্রাসাটিতে অগ্নিনির্বাপণের পর্যাপ্ত ব্যবস্থা ও অগ্নিনির্বাপক যন্ত্র না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে কমিটি।

তিনি আরও বলেন, ‘ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করতে সাধারণ নির্দেশনা জারি করা হবে। পাশাপাশি ফায়ার সার্ভিসের সহযোগিতায় নিয়মিত অগ্নিনির্বাপণ প্রশিক্ষণের ব্যবস্থা এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা ব্যবস্থা তদারকি করা হবে।’
পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসাইন, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি সহকারী কমিশনার আসমাউল হুসনা পিংকি এবং কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ জাহাঙ্গীর আলম।





































