২৩ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:০৬, ২৩ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে খেলোয়াড়ের অভাব নেই, মাঠের অভাব: জাকির খান

নারায়ণগঞ্জে খেলোয়াড়ের অভাব নেই, মাঠের অভাব: জাকির খান

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান বলেছেন, নারায়ণগঞ্জের মাটি খেলাধুলার জন্য উর্বর। এখানে খেলোয়াড়ের অভাব নেই, কিন্তু মাঠের অভাব। জেলার ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে সবার সহযোগিতা প্রয়োজন।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে পশ্চিম দেওভোগ নাগবাড়ী ডি.এস.এস. ক্লাব মাঠে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৬ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

জাকির খান বলেন, বর্তমান প্রজন্মকে মোবাইল ফোন ও বিভিন্ন ডিভাইসের আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। শিশু-কিশোরদের মাঠমুখী করার মাধ্যমে সুস্থ জীবনধারা গড়ে তোলা সম্ভব। মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায়ও খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, খেলাধুলা সুস্থ ও সুন্দর জাতি গঠনে সহায়তা করে। টুর্নামেন্টের আয়োজনের প্রশংসা করে ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজনের প্রত্যাশা জানান তিনি। পাশাপাশি পরিচালনা কমিটি ও অংশগ্রহণকারী দলগুলোকে শুভেচ্ছা জানান।

প্রথমবারের মতো আয়োজিত এ টুর্নামেন্টে ২৪টি দল অংশ নিয়েছে। উদ্বোধনী ম্যাচে মামা মুন্সিগঞ্জ নীল ঘোড়া দলকে ১–০ গোলে হারিয়েছে প্রবাসী ফুটবল ক্লাব।

সর্বশেষ

জনপ্রিয়