মাদক-চুরি-ছিনতাই বন্ধের দাবিতে সিদ্ধিরগঞ্জে মানববন্ধন
মাদক, চুরি ও ছিনতাই বন্ধ এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার দাবিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বেলা আড়াইটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় বাসস্ট্যান্ড এলাকায় দক্ষিণ সানারপাড় সমাজ কল্যাণ সোসাইটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে সংগঠনের সভাপতি মো. মতলব সরদার, সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান স্বপন, সহসভাপতি হাজী আলাউদ্দিন আহমেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় তাঁরা ‘মাদক নয়, সুস্থ জীবন চাই’ ও ‘ছিনতাই বন্ধ হোক’সহ বিভিন্ন স্লোগান দেন।
বক্তারা বলেন, মাদক, চুরি ও ছিনতাইয়ের কারণে এলাকার মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। নিরাপদে চলাচল ও স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করতে পুলিশসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আরও তৎপর হতে হবে।
অপরাধপ্রবণ এলাকায় নজরদারি বৃদ্ধি ও নিয়মিত টহল জোরদারের দাবি জানিয়ে তাঁরা বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের পাশাপাশি অপরাধ প্রতিরোধে কার্যকর ও ধারাবাহিক পদক্ষেপ প্রয়োজন।





































