আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলা জামায়াতের উদ্বেগ
নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে খুন, চাঁদাবাজি, দখল ও সন্ত্রাসী ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা শাখা। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মো. মাসুদুর রহমান গিয়াস ও সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান। জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও মিডিয়া সম্পাদক আবু সাঈদ মুন্না গণমাধ্যমে বিবৃতিটি পাঠান।
বিবৃতিতে নেতারা দাবি করেন, আড়াইহাজারে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে একজন এবং রূপগঞ্জে মাহফিলের পোস্টারে নাম দেওয়াকে কেন্দ্র করে সরকারি দলের দুই পক্ষের সংঘর্ষে আরও একজন নিহত হয়েছেন। এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসী ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন তাঁরা।
তাঁরা বলেন, এসব অপরাধে জড়িত ব্যক্তিরা আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে বারবার একই ধরনের অপরাধে জড়াচ্ছেন। এতে জনমনে ভীতি, আতঙ্ক ও হতাশা বাড়ছে।
জামায়াত নেতারা বলেন, জুলাই বিপ্লবের পর জনগণের প্রত্যাশা ছিল, ভোটে নির্বাচিত সরকার অতীতের ফ্যাসিবাদী পথ পরিহার করে গণতান্ত্রিক, নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখবে। কিন্তু সরকারি দলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সন্ত্রাসী কর্মকাণ্ডে সেই প্রত্যাশা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা।
বিবৃতিতে খুন, চাঁদাবাজি, দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা নিতে সরকার, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়।





































