ছিনতাই-চাঁদাবাজির আতঙ্ক থেকে মুক্তি চাই: সিরাজুল মামুন
নারায়ণগঞ্জে ধারাবাহিক হত্যাকাণ্ড, ছিনতাই, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের তৎপরতায় উদ্বেগ প্রকাশ করেছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন। জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৯টায় নগর পাঠাগার মিলনায়তনে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখার বাছাইকৃত অগ্রসর দায়িত্বশীলদের নিয়ে আয়োজিত তরবিয়তি সভায় তিনি এ আহ্বান জানান।
সিরাজুল মামুন বলেন, ‘মানুষ যদি নিজের কর্মস্থলে যেতে, ব্যবসা পরিচালনা করতে কিংবা পরিবারের সদস্যদের নিয়ে রাস্তায় চলাচল করতে নিরাপত্তাহীনতায় ভোগে, তাহলে তা স্বাভাবিক জনজীবনের জন্য গভীর উদ্বেগের বিষয়। ছিনতাই ও চাঁদাবাজির আতঙ্ক থেকে নগরবাসীকে মুক্ত করতে হবে। অপরাধ নিয়ন্ত্রণে শুধু আশ্বাস নয়, দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।’
সাম্প্রতিক হত্যাকাণ্ড জনমনে উদ্বেগ বাড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, রূপগঞ্জ ও সোনারগাঁয়ে যুবদল নেতাদের হত্যাকাণ্ড এবং নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক শীতলক্ষ্যার সম্পাদক আরিফ আলম দিপুর ছিনতাইয়ের শিকার হওয়ার ঘটনা নাগরিক নিরাপত্তার বিষয়টি নতুন করে সামনে এনেছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং ছিনতাইপ্রবণ এলাকায় নিরাপত্তা জোরদার করতে হবে।
চাঁদাবাজি ও দখলদারত্ব বন্ধের দাবি জানিয়ে তিনি বলেন, ‘অপরাধী যে-ই হোক, তার পরিচয় বা প্রভাবের কারণে যেন আইনের প্রয়োগ বাধাগ্রস্ত না হয়।’ ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ ও সাধারণ নাগরিকেরা যাতে হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করারও আহ্বান জানান তিনি।
কিশোর গ্যাংয়ের বিস্তার রোধে আইনানুগ ব্যবস্থার পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে সম্পৃক্ত করে প্রতিরোধমূলক উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেন সিরাজুল মামুন। একই সঙ্গে নিয়মিত টহল বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি জোরদার, ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগ দ্রুত তদন্ত এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের দাবি জানান তিনি।
মহানগর শাখার সভাপতি হাফেজ কবির হোসেনের সভাপতিত্বে সভায় দারসুল কোরআন, বিষয়ভিত্তিক আলোচনা ও প্র্যাকটিক্যাল ওয়ার্কসহ বিভিন্ন প্রশিক্ষণমূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সভায় দারসুল কোরআন পেশ করেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শায়খুল হাদীস আল্লামা শেখ সালাহউদ্দীন। বিষয়ভিত্তিক আলোচনা করেন কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক সিরাজুল হক, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন ও মহানগর শাখার সহসভাপতি ডা. শামীম ভূঁইয়া।
মহানগর শাখার সহসাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমদের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী, মহানগর শাখার সহসভাপতি অধ্যাপক শাহ আলম, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, জেলা সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি নুর মোহাম্মদ খান, সদর থানা শাখার সভাপতি খন্দকার হাফেজ আওলাদ, জেলা সহসাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী ও মুহাম্মদ শরীফ মিয়াজী, বন্দর থানা পশ্চিম শাখার সভাপতি হাফেজ মাওলানা ফরিদুজ্জামান, ফতুল্লা থানা শাখার সভাপতি আবুবকর সিদ্দীক, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, জেলা সভাপতি রিফাত আহমদ সাজিদ এবং ইসলামী ছাত্র মজলিসের মহানগর সেক্রেটারি কামরুল হাসান মিরাজসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।





































