২৬ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৪৪, ২৬ অক্টোবর ২০২৬

‘কুইন্স কমনওয়েলথ রাইটিং কম্পিটিশন’ এ নারায়ণগঞ্জের মৌশির কৃতিত্ব

‘কুইন্স কমনওয়েলথ রাইটিং কম্পিটিশন’ এ নারায়ণগঞ্জের মৌশির কৃতিত্ব

নারায়ণগঞ্জের স্কুলছাত্রী মেহজাবিন মৌশি টানা দ্বিতীয়বারের মতো ‘কুইন্স কমনওয়েলথ রাইটিং কম্পিটিশন’ এ গোল্ড সার্টিফিকেট অর্জন করেছে। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, ‘দ্য স্টোরি অব রুটস’ শিরোনামে লেখা প্রবন্ধের জন্য এবার এ স্বীকৃতি পেয়েছে সে। এর আগে একই প্রতিযোগিতায় ব্রোঞ্জ সার্টিফিকেটও অর্জন করেছিল মৌশি।

মৌশি সিদ্ধিরগঞ্জের রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। আয়োজক প্রতিষ্ঠান রয়্যাল কমনওয়েলথ সোসাইটি ইমেইলের মাধ্যমে তাকে এ স্বীকৃতির বিষয়টি জানিয়েছে বলে জানায় পরিবার।

প্রবন্ধটিতে একটি ছোট ও আকস্মিক ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশের সংস্কৃতি, বাঙালির অতিথিপরায়ণতা ও প্রকৃতির সৌন্দর্য তুলে ধরেছে মৌশি। লেখায় জাতীয় সংগীতের প্রতি ভালোবাসা, দেশপ্রেম, ঐতিহ্য ও পরিবেশ সচেতনতার বিষয়ও স্থান পেয়েছে।

মেহজাবিন মৌশি সাংবাদিক মেরাজ শাকিল ও আবৃত্তিশিল্পী শারমিন ইসলামের মেয়ে। পড়াশোনার পাশাপাশি আবৃত্তি, উপস্থাপনা, অভিনয়, বিতর্ক ও সৃজনশীল লেখালেখিতে নিয়মিত চর্চা করছে সে। ‘লায়লাস ম্যাজিক্যাল লাইফ স্টোরি’ নামে তার একটি লেখা অনলাইন প্ল্যাটফর্ম ইনকিটে প্রকাশিত হয়েছে।

ইংরেজি ভাষা শেখার ক্ষেত্রেও ইউটিউব ও অনলাইন কনটেন্টকে কাজে লাগাচ্ছে মৌশি। নিজের শেখার অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নিতে ইউটিউব চ্যানেলে ইংরেজি কথোপকথন, শব্দভান্ডার, বই আলোচনা ও শেখার কৌশল নিয়ে কনটেন্ট তৈরি করছে।

সাহিত্য ও সংস্কৃতির পাশাপাশি মস্তিষ্কবিজ্ঞান বা নিউরোসায়েন্সেও আগ্রহ রয়েছে তার। ভবিষ্যতে এ বিষয়ে আরও পড়াশোনা করতে চায় মৌশি।

সর্বশেষ

জনপ্রিয়