২৬ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:১৭, ২৬ অক্টোবর ২০২৬

আপডেট: ১৯:১৮, ২৬ অক্টোবর ২০২৬

লক্ষ্মীনারায়ণ মন্দিরের জমি নিয়ে বৈঠক, নতুন স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা

লক্ষ্মীনারায়ণ মন্দিরের জমি নিয়ে বৈঠক, নতুন স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে লক্ষ্মীনারায়ণ কটন মিলস সার্বজনীন দুর্গামন্দিরের জমিসংক্রান্ত সমস্যা সমাধানে মন্দির কমিটি ও হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক আজিজ।

সোমবার (২৬ অক্টোবর) সকালে অনুষ্ঠিত বৈঠকে জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, সনাতন পার্টির নারায়ণগঞ্জ জেলা সভাপতি টনি মল্লিক, মন্দিরের পূজা উদযাপন কমিটির সভাপতি মিন্টু চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক বকুল বিশ্বাসসহ অন্য নেতারা অংশ নেন।

বৈঠক শেষে মিন্টু চন্দ্র দাস গণমাধ্যমকে জানান, সমস্যার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় নতুন স্থাপনা নির্মাণ না করার নির্দেশ দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি)। পাশাপাশি মন্দির ও ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

মিন্টু চন্দ্র দাস আরও জানান, গেজেট অনুযায়ী বিদ্যালয়, মসজিদ ও মন্দিরের জমি সংরক্ষণের আশ্বাস দেওয়া হয়েছে।

এর আগে মন্দির দখলমুক্ত করার দাবিতে ২১ অক্টোবর বিজয়া দশমীর দিন প্রতিমা বিসর্জন না দেওয়ার ঘোষণা দেয় মন্দির কমিটি। কমিটির ভাষ্য, বিষয়টি জানার পর প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার স্থানীয় প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

পরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জেলা পূজা উদযাপন কমিটির নেতাদের নিয়ে মন্দিরে যান এবং গেটের চাবি মন্দির কমিটির হাতে হস্তান্তর করেন। কমিটির পক্ষ থেকে জানানো হয়, সে সময় নিট কনসার্ন কর্তৃপক্ষকেও সতর্ক করেন তিনি।

মন্দিরের নিরাপত্তা, প্রবেশাধিকার ও পরিচালনাসংক্রান্ত সমস্যার স্থায়ী সমাধান চেয়ে রোববার বাংলাদেশ জাতীয় হিন্দু ফোরামও সিটি করপোরেশনের প্রশাসকের কাছে আবেদন জানিয়েছিল।

সর্বশেষ

জনপ্রিয়