২৫ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:২৮, ২৫ অক্টোবর ২০২৬

আন্তর্জাতিক স্বীকৃতি পেল তরুণ ব্যবসায়ী বিজুর ফ্লোরিডা ফার্মস বিডি

আন্তর্জাতিক স্বীকৃতি পেল তরুণ ব্যবসায়ী বিজুর ফ্লোরিডা ফার্মস বিডি

যুক্তরাষ্ট্রের মায়ামিভিত্তিক নার্সারি লারা ফার্মস থেকে আমের জাতের উৎস ও বিশুদ্ধতাসংক্রান্ত স্বীকৃতি পেয়েছে নারায়ণগঞ্জের উদ্যোক্তা নাহিদ আহমেদ বিজুর প্রতিষ্ঠান ‘ফ্লোরিডা ফার্মস বিডি’। লারা ফার্মস থেকে সরাসরি সংগ্রহ করা আমের জাতগুলোর জন্য ‘অথেনটিসিটি গ্যারান্টি সার্টিফিকেট’ পেয়েছে তারা। বিজু এই অর্জনকে বাংলাদেশের নার্সারির ইতিহাসে প্রথম আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে উল্লেখ করেছেন।

তল্লার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন বীর প্রতীকের ছেলে নাহিদ আহমেদ বিজু লেক্সেল নিটওয়্যার লিমিটেডের চেয়ারম্যান। দীর্ঘদিন টেক্সটাইল খাতে কাজের পাশাপাশি গাছ ও আমের বিভিন্ন জাত সংগ্রহের প্রতি আগ্রহ থেকে তিনি গড়ে তোলেন ফ্লোরিডা ফার্মস বিডি।

নিজের এই পথচলা নিয়ে বিজু জানান, বিভিন্ন দেশ ঘুরে আমের জাত সংগ্রহ করে বাংলাদেশে নিয়ে এসেছেন তিনি। ব্যক্তিগত ভালো লাগা থেকে শুরু হওয়া সেই সংগ্রহ একসময় পেশাগত উদ্যোগে পরিণত হয়।

তিনি বলেন, ‘আমের জাত সংগ্রহ ছিল আমার প্যাশন। নিজের অজান্তেই কখন সেই প্যাশন প্রফেশনে পরিণত হলো, বুঝতেই পারিনি!’

বিজু জানান, দীর্ঘদিনের সেই ভালোবাসা প্রাতিষ্ঠানিক রূপ পাওয়ার মধ্য দিয়ে জন্ম নেয় ফ্লোরিডা ফার্মস বিডি। বিদেশ থেকে সংগৃহীত আমের জাতের সঠিক পরিচয় নিশ্চিত করাকে তিনি উদ্যোগটির গুরুত্বপূর্ণ দিক হিসেবে দেখছেন।

স্বীকৃতি পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের স্বনামধন্য লারা ফার্মস থেকে সরাসরি সংগ্রহ করা জাতগুলোর উৎস ও বিশুদ্ধতার স্বীকৃতি আজ আমাদের হাতে।’

লারা ফার্মস ১৯৮০ সাল থেকে দক্ষিণ ফ্লোরিডায় বিরল গ্রীষ্মমণ্ডলীয় ফলের গাছ নিয়ে কাজ করছে।

ফ্লোরিডা ফার্মসের সংগ্রহে বিভিন্ন দেশ থেকে আনা ৩০০টির বেশি আমের জাত রয়েছে। নারায়ণগঞ্জের হাজীগঞ্জ রোডে অবস্থিত প্রতিষ্ঠানটি অনলাইনে আমের চারা বিক্রি করে।

নিজের উদ্যোগের অর্জনকে দেশের জন্য স্বপ্নপূরণের অংশ হিসেবে বর্ণনা করে বিজু বলেন, ‘স্বপ্নটা শুধু আমার ছিল না, স্বপ্নটা ছিল বাংলাদেশের জন্য।’

সর্বশেষ

জনপ্রিয়