২৬ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:১৮, ২৬ অক্টোবর ২০২৬

আপডেট: ২০:১৯, ২৬ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ফেলো নারায়ণগঞ্জের ড. রাজিব

যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ফেলো নারায়ণগঞ্জের ড. রাজিব

যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মেডিসিনের সংক্রামক রোগ বিভাগে পোস্টডক্টরাল রিসার্চ ফেলো হিসেবে যোগ দিতে যাচ্ছেন নারায়ণগঞ্জের ড. মো. সামিউল আলম রাজিব।

সোমবার (২৬ অক্টোবর) জাপানের বর্তমান কর্মস্থল হোক্কাইডো বিশ্ববিদ্যালয় থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছেন তিনি। তাঁর পরিবারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ড. রাজিব নারায়ণগঞ্জের আল্লামা ইকবাল রোডের বাসিন্দা শিক্ষক মুহম্মদ শফিকুল আলমের ছেলে। তিনি স্থানীয়ভাবে ‘শফিক স্যার’ নামে পরিচিত।

নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুল ও নারায়ণগঞ্জ আদর্শ স্কুলের সাবেক শিক্ষার্থী রাজিব ২০০৩ সালের এসএসসি ব্যাচের ছাত্র। দেশে তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে জ্যেষ্ঠ প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে জাপান সরকারের বৃত্তি নিয়ে বায়োমেডিকেল সায়েন্সে পিএইচডি অর্জন করেন। এরপর জাপানের দুটি বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে কাজ করেছেন।

বিদেশে অবস্থান করেও বাংলাদেশ বায়োলজি অলিম্পিয়াডের (বিডিবিও) কেন্দ্রীয় কমিটিতে সক্রিয় রয়েছেন তিনি। পাশাপাশি বাংলাদেশ জাতীয় বায়োলজি অলিম্পিয়াড দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।

তাঁর স্ত্রী চিকিৎসক শারমিন নাহার সিঁথিও জাপানে ‘ওয়েল বিইং’ বৃত্তি নিয়ে হোক্কাইডো বিশ্ববিদ্যালয়ে একই বিষয়ে পিএইচডি সম্পন্ন করার পথে রয়েছেন।

চিকিৎসাবিষয়ক গবেষণায় সাফল্য অর্জন এবং মানুষের কল্যাণে অবদান রাখার জন্য রাজিবের শিক্ষক, আত্মীয়স্বজন, সহপাঠী, বন্ধু ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া চেয়েছে তাঁর পরিবার।
 

সর্বশেষ

জনপ্রিয়