২৬ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:০৩, ২৬ অক্টোবর ২০২৬

চাঁদাবাজি সহ্য করার জন্য বিএনপিকে ক্ষমতায় আনিনি: জাবের

চাঁদাবাজি সহ্য করার জন্য বিএনপিকে ক্ষমতায় আনিনি: জাবের

চাঁদাবাজি ও টেন্ডারবাজি বন্ধে বিএনপি সরকারকে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের। তিনি বলেছেন, জনগণের অধিকার রক্ষা করা না গেলে সরকারের বিরুদ্ধে লাগাতার কর্মসূচি দিতে বাধ্য হবে ইনকিলাব মঞ্চ।

সোমবার (২৬ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের চাষাঢ়া বিজয় স্তম্ভে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। এ সময় সংগঠনের সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমা উপস্থিত ছিলেন।

জাবের বলেন, ‘এইসব নাটক, চাঁদাবাজি, গুন্ডামি-মাস্তানি জুলাইয়ের আগে আমরা অনেক সহ্য করেছি। জুলাইয়ের পরে বিএনপিকে এগুলো সহ্য করার জন্য আমরা ক্ষমতায় নিয়ে আসিনি।’

নতুন করে একদল মানুষ স্বৈরাচার হয়ে ওঠার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, আগে যে ব্যবসায়ীকে ১০০ টাকা চাঁদা দিতে হতো, এখন তাঁকে ৫০০ টাকা দিতে হচ্ছে। আগে যে পোশাকশিল্পের ব্যবসায়ী দুই লাখ টাকা দিতেন, এখন তাঁকে ১০ লাখ টাকা দিতে হচ্ছে। তবে বক্তব্যে এসব অভিযোগের নির্দিষ্ট ঘটনা বা সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম উল্লেখ করেননি তিনি।

নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তাঁর অনুসারীদের প্রসঙ্গ টেনে জাবের বলেন, ‘আমরা দেখেছি, নিরস্ত্র ছাত্র-জনতার প্রতিরোধের মুখে বোরখা পরে কীভাবে ওসমানরা এখান থেকে পালায়। যারা জনগণের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে না, তাদের বোরখা পরেই পালাতে হয়।’

জুলাই স্মৃতি জাদুঘরকে সাবেক ক্ষমতাসীনদের জন্য বার্তা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে ভোটাধিকার কেড়ে নিলে জনগণ একসময় ক্ষমতা থেকে সরিয়ে দেয়।

ইনকিলাব মঞ্চের সরাসরি কর্মীসংখ্যা ২০০ থেকে ২৫০ জন হলেও এর বাইরে বিপুলসংখ্যক শুভাকাঙ্ক্ষী রয়েছেন বলে জানান জাবের। তাঁর দাবি, উসমান হাদির জানাজায় ১৫ লাখের বেশি মানুষের উপস্থিতি একটি বার্তা দিয়েছে। ইনসাফ এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের পক্ষে যাঁরা লড়বেন, জনগণ তাঁদের পাশে থাকবে।

জাবের বলেন, তাঁরা বিএনপি সরকারের পাঁচ বছর ক্ষমতায় থাকার বিরোধিতা করছেন না। তবে অতীতের দমন-পীড়ন ও অধিকার হরণের পরিস্থিতিতে দেশকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা হলে তা মেনে নেওয়া হবে না।

কর্মসূচিতে গণভোটের গণরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান তিনি। সনদ বাস্তবায়নে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করে জাবের বলেন, সরকারকে মনে রাখতে হবে, ক্ষমতা পাঁচ বছরের জন্য, আজীবনের জন্য নয়।

জুলাই, শাপলা ও পিলখানার হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবিও জানান ইনকিলাব মঞ্চের আহ্বায়ক। তিনি বলেন, শহীদ পরিবারের সদস্যরা এখনো ন্যায্য বিচার পাননি। দুই বছর পার হলেও বিচার না হওয়া নিয়ে প্রশ্ন রয়েছে।

জাবের বলেন, ‘কাউকে লন্ডন থেকে এনে ক্ষমতার চেয়ারে বসানোর জন্য জুলাই আসেনি।’ জুলাইয়ের বিচার, জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাইয়ের আকাঙ্ক্ষার আলোকে আগামীর বাংলাদেশ গড়ার দাবি জানান তিনি।

এ ছাড়া আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে ওসমান হাদি হত্যার বিচারে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে পরবর্তী সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ নেবে বলে হুঁশিয়ারি দেন জাবের।

সর্বশেষ

জনপ্রিয়