বন্দরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা শিবির মঙ্গলবার
নারায়ণগঞ্জের বন্দরে দুস্থ ও অসহায় মানুষের জন্য বিনা মূল্যে চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কবিলের মোড় এলাকায় এ শিবির অনুষ্ঠিত হবে।
ঢাকা প্রোগ্রেসিভ লায়ন্স চক্ষু হাসপাতালের উদ্যোগে ও বন্ধু আড্ডা ৫০+ এর সার্বিক সহযোগিতায় আয়োজিত শিবিরে চোখ পরীক্ষা ও ছানি অস্ত্রোপচারের জন্য রোগী বাছাই করা হবে।
আয়োজকেরা জানান, বাছাই করা দুস্থ রোগীদের বিনা মূল্যে ইন্ট্রাওকুলার লেন্সসহ ছানি অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে। অস্ত্রোপচারের উপযোগী রোগীদের হাসপাতালের নিজস্ব গাড়িতে নেওয়া ও ফিরিয়ে আনা হবে। তাঁদের হাসপাতালে থাকা, খাবার, ওষুধ ও কালো চশমাও বিনা মূল্যে দেওয়া হবে।
অস্ত্রোপচারে আগ্রহী রোগীদের পরনের বিকল্প কাপড় সঙ্গে আনতে বলা হয়েছে। পাশাপাশি ছানি রোগীদের অবশ্যই মোবাইল ফোন নম্বর সঙ্গে নিয়ে আসার অনুরোধ জানিয়েছেন আয়োজকেরা।
শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. নাজমুল হক রানার।
আশপাশের দুস্থ ও অসহায় যাঁদের চোখের চিকিৎসা প্রয়োজন, তাঁদের এ শিবিরে পাঠাতে সবার সহযোগিতা চেয়েছেন আয়োজকেরা।





































